খেলাধুলা ডেস্ক:
দেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছরও হচ্ছে না।প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এখন সেটি আগামী বছর জানুয়ারিতে করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
করোনার জোর ধাক্কায় এলোমেলো হয়ে গেছে সারা বিশ্বেরই ক্রিকেট ক্যালেন্ডার। ঘরোয়া ক্রিকেটের সূচি কিছুটা গোছানো গেলেও আন্তর্জাতিক সূচিতে জমে থাকা খেলাগুলোকে অগ্রাধিকার দিতে হচ্ছে সব দেশকে। আর সেটির প্রভাব পড়ছে বিপিএলে।
নভেম্বর-ডিসেম্বরে জাতীয় দলের খেলোয়াড়দের ব্যস্ত সূচি। নভেম্বরে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে। ডিসেম্বরে নিউজিল্যান্ডকে আতিথ্য দেবে বাংলাদেশ। তাই আগামী বছরের জানুয়ারিতে বিপিএলের তারিখ নির্ধারণ করার আহ্বান জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘জাতীয় দল নভেম্বর মাসে পাকিস্তান সফর করতে পারে। ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। জাতীয় দলের খেলোয়াড় ছাড়া বিপিএল আয়োজন সম্ভব নয়। তাই আগামী জানুয়ারিতে বিপিএল করার পরিকল্পনা করছে গভর্নিং কাউন্সিল।’
ফ্র্যাঞ্চাইজভিত্তিক বিপিএল সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। ২০১৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিয়মিত ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে বিশেষ বিপিএল আয়োজন করা হয়েছিল।
সেটি ছিল বিপিএলের সপ্তম আসর। যার ফাইনাল হয়েছে ২০২০ সালের জানুয়ারিতে। এরপর সে বছর নভেম্বর-ডিসেম্বরেই আরেকটি আসর হওয়ার কথা থাকলেও করোনায় সেটি হতে পারেনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.