ভয়েস খেলাধুলা ডেস্ক:
বড় দায়িত্বটা তাঁর কাঁধেই ছিল। নিউজিল্যান্ডের পেসারদের নতুন বলের ঝড় সামলানো, রান করা, দলকে ভালো ভিত্তিতে দাঁড় করানো—সবই অধিনায়ক তামিম ইকবালকে করতে হতো। শুরুতে লিটন দাস আউট হওয়ায় দায়িত্বটা আরও বেড়ে যায় অধিনায়কের। প্রথমে সৌম্য সরকার ও পরে মুশফিকুর রহিমকে নিয়ে দায়িত্বটা সফরভাবে পালন করলেন তামিম। ক্যারিয়ারের ৫০তম ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। যদিও পরে রানআউট হয়েছেন ৭৮ রানে।
২১২ ম্যাচের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে তামিমের এটি ৬৩তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে ১৩টি। আর বাকি ৫০টি ৫০ রানের ইনিংস। এ ক্ষেত্রে তামিম আছেন বাংলাদেশিদের মধ্যে শীর্ষে।
একই ফিফটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ৫০+ রানের ইনিংস খেলা ব্যাটসম্যানও বনে গেলেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে এটি তামিমের ষষ্ঠ ৫০ ছাড়ানো ইনিংস। এই রেকর্ডে তামিম ছাড়িয়েছেন এ সিরিজে না–খেলা সাকিব আল হাসানকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের মালিকও এখন তামিম। এখানেও সাকিবকে টেক্কা দিয়েছেন তিনি। ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে সাকিব কিউইদের বিপক্ষে করেছেন ৬৩৯ রান। এখন সেটি ছাড়িয়ে গিয়েছেন তামিম।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ দল। ইনিংসের প্রথম ২০ ওভারে লিটন ও সৌম্যকে হারালেও একপ্রান্ত ধরে রাখেন তামিম। তামিমের ব্যাট থেকে আসা এক-দুই রান আর কিছু বাউন্ডারি বাংলাদেশের রানের চাকা সচল রাখে। ইনিংসের ২৫তম ওভারে এসে মিচেল স্যান্টনারকে লেগ সাইডে ঠেলে দিয়ে নিজের ৫০ পূরণ করেন তামিম। ফিফটি পূর্ণ করতে ৮৪টি বল খরচ করেন।
তবে অনেকটা অপ্রত্যাশিতভাবেই শেষ হয়ে যায় বাংলাদেশ অধিনায়কের এই ধৈর্যশীল ইনিংস। কিউই অলরাউন্ডার জিমি নিশামের লেংথ বলটা বেশ ভালোই সামলেছিলেন মুশফিক। রান নেওয়ার জন্য তাকিয়েছিলেন সঙ্গী তামিমের দিকে। এক রান নেওয়ার সিদ্ধান্তও হয়ে যায় তখনই। কিন্তু নিশাম দুই ব্যাটসম্যানকে সময় দেননি মোটেও। ক্ষণিকের জন্য এই পেস বোলিং অলরাউন্ডার যেন হয়ে গেলেন ফুটবলার। নিচে নেমে বল কুড়িয়ে স্টাম্প না ভেঙে পাকা ফুটবলারের মতো বলে লাথি দিলেন, যা ভেঙে দিল স্টাম্প। তামিম সময়মতো পৌঁছাতে পারেননি কাঙ্ক্ষিত লক্ষ্যে। ১০৮ বলে ১১ চারের সাহায্যে ৭২.২২ স্ট্রাইক রেটে ৭৮ রান করেই থেমে যায় তামিমের ইনিংস।
কিছুক্ষণ পর মিঠুনকেও একইভাবে রানআউট করতে চেয়েছিলেন নিশাম। যদিও এবার লক্ষ্যভ্রষ্ট হয় সেই চেষ্টা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৮ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান। ক্রিজে থাকা মুশফিক ৫০ বলে ২৯ ও মোহাম্মদ মিঠুন ২০ বলে ২৬ রান নিয়ে ব্যাট করছেন। লিটন দাস শূন্য ও সৌম্য সরকার আউট হয়েছেন ৩২ রান করে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.