আন্তর্জাতিক ডেস্ক:
দিন কয়েক পরেই শুরু হবে পবিত্র রমজান মাস। রমজান মাস মুমিনদের জন্য খুশির বার্তা নিয়ে আসে। উপলক্ষ ও মওসুম হিসেবে এই সময়টাতে মানুষজন স্বাভাবিকতই বেশি কেনাকাটা করেন। তাই প্রতি বছরই রমজানের বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়।
এবছরও সবকিছুর দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের পক্ষে থেকে বারবার ব্যবসায়ীদের তাগিদ দেয়া হচ্ছে। বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিন্তু এতোকিছুর পরও যেন রমজান মাসে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি থামানো যায়না। অথচ মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ঘটছে উল্টো। আসন্ন রমজান উপলক্ষে দেশটির সরকার ছয়শ ৫০টিরও বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে। সোমবার (০৫ এপ্রিল) দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
এক টুইট বার্তায় মন্ত্রণালয় থেকে বলা হয়, ২০২১ সালের রমজান উপলক্ষে ক্রেতাদের জন্য সাড়ে ছয়শরও বেশি পণ্যের দাম কমানো হয়েছে। সেসব পণ্যের তালিকা টুইটে দেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী জানা গেছে, গত ৫ এপ্রিল থেকে কার্যকর হয়ে রোজার শেষ পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। পাশাপাশি তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
মূল্যছাড়কৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, পাস্তা, চিনি, ফুল, মুরগি, মিল্ক ওয়েল, মধু, মাখন ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য-দ্রব্য।
অন্যদিকে সরকারি ঘোষণার পাশাপাশি সেখানকার ব্যবসায়ীরাও একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে দিচ্ছেন মূল্য হ্রাসের ঘোষণা। যেখানে আমাদের দেশের ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রমজান মাসে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছেন— সেখানে কাতার ও আরব আমিরাতসহ অন্যান্য দেশের ব্যবসায়ীরা এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন।
প্রতি বছরই পবিত্র এই মাসকে সামনে রেখে সেখানকার ব্যবসায়ীরা নিত্যপণ্যে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা করেন। মধ্যপ্রাচ্যের অধিকাংশ বড় মার্কেট, খাদ্য ও নিত্যপণ্যের দোকান ও সুপারশপগুলোতে এরই মধ্যে বিশেষ মূল্যহ্রাস সম্পর্কিত নানা রকমের পোস্টার লাগানো হয়েছে। এমনকি নামাজের পর মসজিদগুলোর সামনে মুসল্লিদের মাঝে মূল্যহ্রাস সংক্রান্ত হ্যান্ডবিল বিলি করা হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, রমজানের মাহাত্ম্য অনুধাবন করে আর রোজাদারদের প্রতি সম্মান জানিয়ে তারা এমনটা করেন। পবিত্র এই মাসে ভালো কাজের কয়েকগুণ প্রতিদান লাভের সুযোগ তারা কোনোভাবেই হাতছাড়া করতে চাননা। এ যেন আল্লাহর নৈকট্য অর্জনে ভালো কাজের প্রতিযোগিতা। সূত্র:ঢাকা পোস্ট।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.