ভয়েস নিউজ ডেস্ক:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম জামিন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
সাক্ষাৎ শেষে ফরিদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমরা তাকে জানিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনাকে ৬ ঘণ্টা আটকে রাখা হয়েছে। তাকে নানা ধরনের হেনস্তা করা হয়েছে। আমরা এর বিচার চেয়েছি। এ ধরনের হেনস্তা করার অধিকার কারও নেই। এরা কারা, কি জন্য করেছে সেটার তদন্ত করে বিচার করতে হবে। ওনার জামিনের বিষয়ে বলেছি যেন জামিন হয়। সবচেয়ে বড় যেটা তিনি অসুস্থ, তাকে সুচিকিৎসার ব্যবস্থা করার বিষয়ে বলেছি।’
প্রেস ক্লাবের সভাপতি আরও বলেন, ‘যেহেতু কারাগারে পাঠানো হয়েছে আমরা জানি কারাগারের কি অবস্থা। তাকে যেন ভালো পরিবেশে রাখা হয়। তাকে যেন সেখানে নতুন করে কোনোভাবে হ্যারেজ না করা হয়, সেটা যাতে নিশ্চিত করা হয়। উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন, ওনারা সাধ্যমতো দেখবেন। তিনি আশা প্রকাশ করেন বৃহস্পতিবার যে জামিন শুনানি হবে সেখানে তার জামিন হয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী এটাও বলেছেন, সাংবাদিকদের সঙ্গে সরকারের ভুল বোঝাবুঝি হোক এটা তারা চায় না।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.