ভয়েস নিউজ ডেস্ক:
নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশ গ্রহণের আগ্রহ হারিয়ে ফেলছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভোট কারচুপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না।
সোমবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা নয়, ভেঙে পড়েছে বিএনপি। আসলে সব নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন নির্বাচনে অংশ গ্রহণের আগ্রহই হারিয়ে ফেলছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান এখন স্বাধীন, কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএনপি নির্বাচনে আসে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে। জনগণ বিএনপির এসব বুঝতে পেরেছে বলেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
বিএনপির কারচুপির যে অতীত ইতিহাস, সেই রেকর্ড কেউ ভাঙতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারাই এখন নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে?
পাসপোর্ট এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কেন তিনি এমন অভিযোগ করছেন, সেটা বোধগম্য নয়। মির্জা ফখরুলের এই মন্তব্যের পেছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলে অনেকেই মনে করছেন।
সেতুমন্ত্রী বলেন, পাসপোর্ট একান্তই একটি ট্রাভেল ডকুমেন্ট এবং আইডেন্টিটি, অন্য কিছু নয়। এটি ফরেন পলিসি বা ভূ-রাজনৈতিক বই নয়। পাসপোর্টের সঙ্গে বিশ্ব রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিশ্বব্যাপী এখন ই-পাসপোর্ট সমাদৃত। সুত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.