খেলাধুলা ডেস্ক:
ক্লাব ফুটবলে জিতেছেন বড় বড় সব ট্রফি। তবে দেশের হয়ে ইউরো জেতা তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি। পর পর দুটি ইউরো কাপে দেশের নেতৃত্ব দেওয়া তার কাছে ভীষণ আবেগময় ব্যাপার। ক্যারিয়ার জুড়ে ৭৭৭ গোল করেছেন। তবে ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্তাসের বিপক্ষে করা গোলটাই তার সেরা। দেশের হয়ে ইউরো কাপে নেমে পড়ার আগে এমনই খোলামেলা ক্রিস্তিয়ানো রোনালদো।
একদিকে ইউরো কাপ ধরে রাখার চ্যালেঞ্জ। অন্য দিকে, সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের হাতছানিও। সব মিলিয়ে এই ইউরো কাপ রোনালদোর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পর্তুগাল অধিনায়ক বলছেন, ‘গত ইউরো কাপের শুরুতে দারুণ খেলছিলাম। কিন্তু তার পর চোট পেয়ে যাই। যে কারণে আমি ফাইনালটা পুরো খেলতে পারিনি। তার পরও আমরা ট্রফিটা জেতার পর কান্নায় ভেঙে পড়েছিলাম। ওই মাত্রায় খুশি আর কখনো হইনি। কারণ, ওটাই ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি। গত বারের মতো এ বারও আমি নেতৃত্ব দেব দেশের। এটা যেমন বিরাট সম্মানের, তেমনই ট্রফিটা জেতাও গুরুত্বপূর্ণ।’
ক্যারিয়ারে সব মিলিয়ে ৭৭৭ গোল করেছেন সিআর সেভেন। মজার ব্যাপার হল, তার জার্সি নম্বরও ৭। এত গোলের মধ্যে থেকে কোনটাকে সেরা বাছবেন রোনালদো?
পর্তুগিজ ফুটবলারের কথায়, ‘২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের হয়ে আমার এখনকার টিম জুভেন্তাসের বিরুদ্ধে যে গোলটা করেছিলাম, ওটাই আমার সেরা গোল। আমার অত্যন্ত প্রিয় বন্ধু ও গ্রেট গোলকিপার বুঁফোকে টপকে করেছিলাম গোলটা।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.