খেলাধুলা ডেস্ক:
টানা জয়ের পথচলা নবম ম্যাচে নিয়েছে ব্রাজিল। কোপা আমেরিকায় শুক্রবার পেরুকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তিতের দল। চলমান কোপায় টানা দ্বিতীয় ও সব মিলিয়ে টানা নবম জয় পেয়েছে ব্রাজিল। ‘বি’ গ্রুপের ম্যাচে আলেক্স সান্দ্রোর গোলে লিড নেয় ব্রাজিল। ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। পরে জালের দেখা পেয়েছেন এভারটন রিভেইরো ও রিচার্লিসন।
রিও ডি জেনিরোর নিলতন সান্তোস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গত আসরের দুই ফাইনালিস্ট। লড়াইটা অবশ্য সেরকম হয়নি। দ্বাদশ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের কাছ থেকে বল পেয়ে ভলিতে ঠিকানা খুঁজে নেন সান্দ্রো।
পরের সময়ে পেরু কয়েকটি সুযোগ তৈরি করলেও সফল হয়নি। বিরতির পর লড়াই জমে ওঠে। একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল। ৬৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ফ্রেডের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি জাল খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি পেরুর গোলরক্ষক পেদ্রো। চোট কাটিয়ে ফেরার পর চার ম্যাচে জালের দেখা পাওয়া নেইমারের এটি দেশের হয়ে ৬৮তম গোল। ৮৯তম মিনিটে রিচার্লিসনের ক্রসে খুব কাছ থেকে জাল খুঁজে নেন এভারটন রিভেইরো। ব্রাজিলের হয়ে এটাই তার প্রথম গোল। কোনো সুযোগই ছিল না গোলরক্ষকের। যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান রিচার্লিসন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.