ভয়েস নিউজ ডেস্ক:
শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী নয় দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের হোতা বিএনপি।
মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী নয়, কারও ওপর হিংস্র আচরণও করেনি। বরং প্রধানমন্ত্রী বিরোধী দলের নানান উসকানির মুখে অত্যন্ত সহনশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছেন।
সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিএনপিই দানবীয় আচরণ করছে দাবি করে তিনি বলেন, শত উসকানির বিপরীতে শেখ হাসিনা সরকার অত্যন্ত সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। শেখ হাসিনার উদারতা দেখে ভাববেন না এটা আমাদের দুর্বলতা।
আওয়ামী লীগ হিংস্র- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, যাদের হাতে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, তারা আজ আওয়ামী লীগকে হিংস্রতার কথা বলে।
তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরে বিএনপি যে নানামুখী ষড়যন্ত্র করছে, তা কারও অজানা নয়।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচন ছাড়া সরকার গঠনের আর কোনো বিকল্প পথ নেই; এটাই সংবিধান সম্মত পথ। জনগণ চাইলেই নির্বাচিত হবেন এবং সরকার গঠন করবেন। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই জনগণের প্রতি আস্থাশীল।
এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ’র বোর্ড সভায় তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
এ সময়ে ঢাকা মহানগরীতে ইজিবাইক,ব্যাটারিচালিত রিকশা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি করপোরেশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। সূত্র:দেশরুপান্তর।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.