খেলাধুলা ডেস্ক:
পাঁচবার ওয়ানডে বিশ্বকাপ জিতলেও টি-টোয়েন্টির শিরোপাটা এখনও অধরা অস্ট্রেলিয়ার। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে মরিয়া অজিরা এখনই দল বাছাইয়ের প্রক্রিয়া শুরু করছে। আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সফরে ভালো পারফর্ম করলে জায়গা মিলবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে- ক্রিকেটারদের এমনই বার্তা দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। তার প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ ও উইন্ডিজ সফর করবে অস্ট্রেলিয়া। আগামী ৯ই জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এরপর আগস্টে আসবে বাংলাদেশ সফরে। টাইগারদের বিপক্ষে পাঁচটি টি- টোয়েন্টি খেলবে অজিরা। এ দুই সফরের ওপর বাড়তি গুরুত্বারোপ করেছেন অজি অধিনায়ক।
অ্যারন ফিঞ্চ বলেন, ‘আসন্ন সফরগুলো ছেলেদের জন্য বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নেয়ার সুযোগ এনে দেবে। আমার মতে, এখন অস্ট্রেলিয়ার জন্য ভালো বিষয় হলো ছেলেরা বিগ ব্যাশ ও ঘরোয়া ক্রিকেটে ভালো করার সুযোগ পাচ্ছে।’
চলতি মাসের শুরুতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানে নতুন করে ছয় জনকে ডাকা হয়েছে, যার মধ্যে যোগ করা হয়েছে নতুন মুখ ওয়েস অ্যাগারকে। মূলত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই দলে সুযোগ পান তারা।
এবারের বিশ্বকাপের আয়োজক ভারত। যদিও করোনাভাইরাস শঙ্কায় প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে চলে যেতে পারে। ভারত কিংবা আরব আমিরাত- যেখানেই হোক, কন্ডিশন ও উইকেট প্রায় বাংলাদেশের মতোই। এটা মাথায় রয়েছে ফিঞ্চেরও। তিনি বলেন, ‘আপনাকে (ক্রিকেটারদের উদ্দেশ্যে) অবশ্যই বর্তমান ফর্ম বিবেচনায় রাখতে হবে। যেখানে খেলা হবে, সেখানকার কন্ডিশন টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই। বিশেষ করে, সেন্ট লুসিয়ায় আমরা যে ধরনের কন্ডিশনে খেলবো। এরপর আছে বাংলাদেশ, সেখানকার কন্ডিশন ভারত কিংবা আরব আমিরাত, যেখানেই বিশ্বকাপ হোক, সেটার সঙ্গে মিল আছে।’
ফিঞ্চ বলেন, ‘সবশেষ কথা হলো, অস্ট্রেলিয়ার হয়ে খেলা এবং ভালো করা। তাই সফরে থাকা ছেলেদের জন্য এটিই বড় সুযোগ নিজেদের প্রমাণ করার। আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করলে তা এড়িয়ে যাওয়া কঠিন।’
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.