খেলাধুলা ডেস্ক:
হারারেতে আজ বিকেলে টি-টোয়েন্টি ‘ফাইনাল’
টেস্ট ও ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে একচেটিয়াভাবে সিরিজে জিতে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে পরীক্ষার মুখে পড়েছে লাল সবুজের দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে হেরে যাওয়ায় তৃতীয় ও শেষ ম্যাচ রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
হারারে স্পোর্টস ক্লাবে রোববার (২৫ জুলাই) মুখোমুখি হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ। খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। সরাসরি দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসে।
প্রথম টি-টোয়েন্টিতে অনায়াসে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিব্রতকর ব্যাটিংয়ে ২৩ রানে হার। ২৪ ঘণ্টা না পেরোতেই হারারেতে যেনো মুদ্রার উলটো পিঠ দেখেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাই ম্যাচ শেষে অধিনায়ক নিজে জানিয়েছিলেন সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ভুল শুধরে লড়তে চান। ফাইনালের লড়াই মনে করে সফরকারীরা নামবেন বলে জানিয়ে দিয়েছেন কাপ্তান।
'টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হয়। পরের ম্যাচে এই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যই থাকবে। যেহেতু একটা ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। ম্যাচ জেতার সর্বোচ্চ চেষ্টা করব'-ঠিক এভাবেই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
শুধু অধিনায়ক নন দলের পেসার শরিফুল ইসলামের কণ্ঠেও বেজেছে একই সুর। বাংলাদেশ ফাইনালের লড়াইয়ে নামবে জয়ের জন্যই।
শরিফুল বলেন, 'আমাদের জন্য ফাইনাল ম্যাচের মতো। যদি নিজেদের সেরাটা দিতে পারি তাহলে সহজেই জিততে পারবো বলে আমার মনে হয়। প্রথম বল থেকে শেষ পর্যন্ত আমরা ইতিবাচক থাকব। দেখা যাক খেলা শেষে কী হয়। তবে এখন থেকে আমরা পজিটিভ আছি যে জিতবো। জেতার মনোভাব নিয়েই নামবো।'
ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে ছিলেন না লিটন দাস। একই কারণে ছিলেন না মোস্তাফিজুর রহমান। দুজনের অনুপস্থিতিই টের পেয়েছে বাংলাদেশ। মোস্তাফিজ না থাকাতে শরিফুলের কাঁধে পড়ে বাড়তি দায়িত্বও। সেই চাপ ফাইনালের ম্যাচে নিতে চান যুবা বিশ্বকাপজয়ী এই পেসারও।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.