ভয়েস নিউজ ডেস্ক:
সরকারি ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে বিভিন্ন ঋণের প্রবর্তন করারও নির্দেশ দিয়েছেন। সব সরকারি কেনাকাটায় ওপেন টেন্ডারের ব্যবস্থা করতে বলেছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সব কার্যক্রমের পরিধি আরও বাড়াতে বলেছেন।
বুধবার (১৮ আগস্ট) সচিবদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যা বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সচিবদের সভায় প্রধানমন্ত্রী বলেছেন, দেশে যেন ছোট ও মাঝারি সবার বিনিয়োগ ঠিক থাকে। গরিব, অসহায় মানুষের সুবিধার্থে সামাজিক নিরাপত্তা বলয় বাড়াতে বলেছেন। মুদ্রা সরবরাহ বৃদ্ধি রাখতে বলেছেন প্রধানমন্ত্রী। ২০২৬ সালের পর কোটামুক্ত বাণিজ্যের সুবিধা কমে গেলে কীভাবে আমরা চলবো, সে বিষয়েও দিক-নির্দেশনা দিয়েছেন তিনি। যেহেতু জিএসপি থাকছে না, এ ক্ষেত্রে নিজেদেরই সুবিধা তৈরি করতে হবে। যেন বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারেন।
বুধবার শেরেবাংলা নগরস্থ জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসি সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশে বলেছেন, তথ্য বাতায়ন হালনাগাদ করতে হবে। আমাদের সব কার্যক্রমের সঙ্গে টেকনোলজি সম্পৃক্ত করতে হবে। ইন্টারনেট আরও দ্রুতগতির হতে হবে। ডিজিটাল নিরাপত্তার জন্য বিস্তারিত ব্যবস্থা নেওয়ার জন্য আরও কার্যকর পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। কালিয়াকৈরে ডাটা সেন্টার আছে আমাদের, সেটা ব্যবহার করতে সবাইকে বলা হয়েছে এবং যশোরে ব্যাকআপ ডাটা সেন্টার আরও ডেভেলপ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।
‘প্রধানমন্ত্রী বলেছেন আমাদের যত পরিকল্পনা হবে, তা এডিপি বা ২০৩০ কিংবা ২০৪১ সাল সে অনুযায়ী হবে। কারণ ডেমোক্রেটিক সিস্টেমে কোনও রাজনৈতিক দল যে ইশতেহার দেয়, সে অনুযায়ী দেশের উন্নয়ন হয়। তবে কত শতাংশ বাস্তবায়ন হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। এসডিজি নিয়েও বলা হয়েছে,’ বলেন মন্ত্রিপরিষদ সচিব।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.