খেলাধুলা ডেস্ক:
কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
বাছাইপর্বে ভেনেজুয়েলার মাটি থেকে আর্জেন্টিনা সর্বশেষ জয় নিয়ে ফিরেছিলো ১৪ বছর আগে, ২০০৭ সালে। আর্জেন্টাইন কোচ আলফিও বাসিলের অধীনে সেবার গ্যাব্রিয়েল মিলিতো ও তরুণ লিওনেল মেসির গোলে ২–০ ব্যবধানের জয় নিয়ে ফিরেছিল আকাশী-নীলরা। তারপর ক্রিস্টোফার কলম্বাসের ভাষায় ‘ঈশ্বরের আশীর্বাদপুষ্ট’ দেশটিতে আর্জেন্টিনা খেলে আরও দুবার। কিন্তু, কোনবারই হাসি ফুটেনি মেসিদের। অবশেষে ১৪ বছর পর ফের ভেনেজুয়েলার মাটি জয় করল আলবিসেলেস্তেরা।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচের ২৮ মিনিটের মাথায় দুর্দান্ত শট নিয়েছিলেন জিওভানি লো সেলসো। এবারও তা প্রতিহত হয় ভেনেজুয়েলার গোলরক্ষক ও রক্ষণের সামনে।
৩১ মিনিটে বল পায়ে আগুয়ান লিওনেল মেসিকে গুরুতর ফাউল করে বসেন আদ্রিয়ান মার্টিনেজ। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর দেখে এসে তাকে লাল কার্ড দেখান রেফারি। ভিএআরের রিপ্লেতে দেখা যায়, ডি-বক্সের ঠিক বাইরে করা মার্টিনেজের ফাউলটি ছিল বেশ ভয়াবহ। তাই সরাসরি লাল কার্ড দেখানো হয় মার্টিনেজকে, দশজনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
প্রথমার্ধে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে জিওভানি লো সেলসোর বাড়ানো বল আদায় করে ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে লাউতারো মার্টিনেজ গোল করলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।
৭১ মিনিটের সময় লাউতারোর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন হোয়াকিন কোররেয়া। নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন তিনি। এর মিনিট তিনেক পর লাউতারোর শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলা গোলরক্ষক। তবে ফিরতি বলে স্কোরশিটে নাম তুলতে ভুল করেননি অ্যাঞ্জেল কোররেয়া।
এ জয়ের পর লাতিন অঞ্চলের বাছাইয়ে সাত ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। সমান ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে রয়েছে ভেনেজুয়েলা।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.