খেলাধুলা ডেস্ক:
দীর্ঘসময় ধরে হ্যাশট্যাগ ‘ফিক্সড’ শব্দটা ট্রেন্ডিং বিষয় ছিল পাকিস্তানে। আর এবার বেশ কয়েকজন নেটিজেন ম্যাচ ফিক্সিংয়ের সন্দেহের আঙুল তুললেন ভারতের দিকে।
ভারত-আফগানিস্তান ম্যাচ ফিক্সিং হয়েছে দাবি তাদের। তবে এই সন্দেহ উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের দুই কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস। খবর পাকিস্তান ক্রিকেটের।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ‘বাঁচা-মরা’র ম্যাচে বুধবার আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হয় ভারত। ম্যাচটিতে ৬৬ রানে জিতেছে টিম ইন্ডিয়া।
ভারতের দেওয়া ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৪৪ রান করে আফগানরা। নিজেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাচটিতে রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ঝোড়ো ফিফটিতে চলতি বিশ্বকাপেরই সর্বোচ্চ স্কোর ২ উইকেটে ২১০ রান করে ভারত।
টস থেকে শুরু করে এই ম্যাচের কিছু মুহূর্তের ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। যেখানে নেটিজেনদের দাবি, বিশ্বকাপে ভারতের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটি হারার চেষ্টা করেছে আফগানরা।
সোহেল নামে একজন টুইটারে ভারত-আফগানিস্তান ম্যাচের টসের সময়ের এক ভিডিও পোস্ট দিয়ে লিখেছেন, ‘টস হারের পর, কোহলি আফগান অধিনায়ককে বলছেন প্রথম বল করতে! অবিশ্বাস্য! ম্যাচ ফিক্সিং।’
জামান মেহের নামে আরেকজন টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীর এক চোখ বন্ধ ছবি দিয়ে লিখেছেন, ‘যখন ম্যাচ ফিক্সড হয়। তখন চাপমুক্ত থাকা যায়।’
গুফাম খান মুজদার ডলারের দুটি ছবি কোলাজ করে ক্যাপশনে লিখেছেন, ‘আফগানিস্তানের ড্রেসিংরুমের ছবি ফাঁস। ভারত-আফগানিস্তান ম্যাচ ফিক্সড।’
তবে নেটিজেনদের এমন ভিত্তিহীন মন্তব্য উড়িয়ে দিয়ে ওয়াসিম আকরাম এ স্পোর্টকে বলেন, ‘আমি জানি না, কেন এমন ষড়যন্ত্র তত্ত্ব সৃষ্টি হয়েছে? ভারত খুবই ভালো এক দল। আসরের শুরুতে তাদের কেবল দুটি খারাপ দিন গেছে।’
‘এসব কথাবার্তা অর্থহীন এবং লোকজনের এসব বিষয়ে মনোযোগ দেওয়া উচিত নয়’, যোগ করেন ওয়াকার ইউনিস
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.