খেলাধুলা ডেস্ক:
শাহীন শাহ আফ্রিদির শর্ট বল ইয়াসির আলী চৌধুরীর হেলমেটে আঘাত করে। দ্রুতগতির বলে চোট পেয়েছিলেন বোঝা যাচ্ছিল। তবুও পরের সাত বল ক্রিজেই ছিলেন তিনি। এরপর অস্বস্তিতে ভোগায় মাঠ ছেড়ে উঠে যান।
তাকে স্ক্যান করতে পাঠানো হয়েছে হাসপাতালে। তার ব্যাটিংয়ে নামার সম্ভাবনা নেই। কনকাশন সাবে মাঠে নামবেন কাজী নুরুল হাসান সোহান। কানকাশন সাবের নিয়ম অনুযায়ী ব্যাটসম্যানের জন্য ব্যাটসম্যান নামাতে পারবে বাংলাদেশ।
অভিষিক্ত ইয়াসির ক্রিকেটার দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাট করছিলেন। প্রথম ইনিংসে মাত্র ৪ রানে সাজঘরে ফিরলেও দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে ব্যাটিং করছিলেন তিনি। দারুণ কয়েকটি কাভার ড্রাইভ ও অন ড্রাইভে মুগ্ধতা ছড়ান ডানহাতি ব্যাটসম্যান।
দিনের প্রথম ওভারে হাসান আলীর বলে মুশফিক আউট হলে দলের হাল ধরেছিলেন ইয়াসির ও লিটন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন পাকিস্তানকে সুযোগ দিলেও ইয়াসির জমাট ব্যাটিং করেন। ৭২ বলে ৬ বাউন্ডারিতে সাজান তার দ্যুতিময় ইনিংস।
কিন্তু শর্ট বলে দূর্বল টেকনিকে ভুগলেন তিনি। বল ডাক করার সময় বারবার চোখ সরিয়ে নিচ্ছিলেন। ব্যাট নামছিল না তার। তাতে আউট হওয়ার ঝুঁকি বাড়ছিল। শেষমেশ ওই বিপদেই পড়লেন তিনি। বল তার হেলমেটে আঘাত করে। সাত বল ক্রিজে থাকার পর ড্রেসিংরুমে ফিরে যান।
এর আগে টেস্ট ক্রিকেটে দুটি কনকাশন সাব হয়েছিল বাংলাদেশের। ভারতের বিপক্ষে ইডেন টেস্টে লিটন কুমার দাশের পরিবর্তে শুধু ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ। এরপর ছিটকে যাওয়া নাঈম হাসানের পরিবর্তে মাঠে নামেন তাইজুল ইসলাম। তাইজুল ম্যাচে ব্যাটিং-বোলিং দুটোই করেন। এছাড়া ওয়ানডে ক্রিকেটে একবার সাইফ উদ্দিনের পরিবর্তে তাসকিন আহমেদ কানকাশন সাব হন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.