খেলাধুলা ডেস্ক:
নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল বার্সেলোনা। এবার প্রতিপক্ষের মাঠে বড় চ্যালেঞ্জ ছিল; জিততেই হবে। তা নাহলে চ্যাম্পিয়ন্স লিগে ২০০০-২০০১ মৌসুমের পর এই প্রথম গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বাজবে। শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হয়ে দাঁড়ালো। গ্রুপের শেষ ম্যাচে হেরে বিদায় নিলো জাভির বার্সেলোনা! ম্যাচ হেরেছে ৩-০ গোলে।
বায়ার্ন মিউনিখ ই গ্রুপে ১৮ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে। বেনফিকা শেষ ম্যাচ দায়নামো কিয়েভের বিপক্ষে ২-০ গোলে জিতে ৮ পয়েন্ট নিয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে। সমান ম্যাচে বার্সেলোনাকে ৭ পয়েন্ট নিয়ে ছিটকে যেতে হলো।
আলিয়াঞ্জ এরিনাতে বল দখলে বায়ার্ন এগিয়ে ছিল। আক্রমণও কম হয়নি। প্রথমার্ধে স্বাগতিকরা ২-০ গোলে এগিয়ে ছিল। তবে প্রথম গোলের জন্য বায়ার্নকে ৩৩ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে।
পরের মিনিটে বায়ার্ন মিউনিখ এগিয়ে যায় থমাস মুলারের গোলে। রবার্ট লেবানদভস্কির সহায়তায় মুলার পোস্টের কাছ থেকে হেডে গোল করেন। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। লেরয় সানে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান।
বার্সা একাধিক সুযোগ নষ্ট করে ব্যবধান কমাতে পারেনি। দিপাই-দেম্বেলেরা পারেননি স্কোর করতে। বরং বিরতির পর আরও একটি গোল হজম করেছে। ৬৩ মিনিটে আলফনসো ডেভিডসের সহায়তায় জামাল মুসিয়ালা পোস্টের কাছ থেকে লক্ষ্যভেদ করে বার্সেলোনা কে ম্যাচ থেকে ছিটকে দেন।
স্পেনের অন্যতম সেরা এই দলকে আগামীতে দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইউরোপা লিগে দেখা যাবে।একই দিনে চেলসি, ম্যান ইউ ড্র করলেও জিতেছে জুভেন্টাস।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.