খেলাধুলা ডেস্ক:
জিম্বাবুয়ে থেকে ফিরে আসা নারী ক্রিকেট দলের তিন জন করোনায় আক্রান্ত হওয়ার কারণে তাদেরকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুজন করোনার নতুন ধরন ওমিক্রন; আরেকজন আক্রান্ত ডেল্টায়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্ত তিন নারী ক্রিকেটারকে মঙ্গলবার মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। আরেকজন ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তারা হাসপাতালে ভর্তি হয়েছেন তার মানে এই নয় যে, তাদের অবস্থা খুব খারাপ।
তিনি আরও বলেন, তিন জনই ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। শুধু অবজারভেশনে রাখার জন্য তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। কারণ বাসায় বা হোটেলে পর্যাপ্ত নজরদারি হচ্ছিল না।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরা বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটারের করোনা পজিটিভ হয় গত ৫ ডিসেম্বর। বিষয়টি জানা যায় ৬ ডিসেম্বর। এরপর তাদের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়। গত ১১ ডিসেম্বর তাদের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নভেম্বরের শুরুতে জিম্বাবুয়ে গিয়েছিলেন নারী ক্রিকেটাররা। ওমিক্রনের কারণে মাঝপথে বাছাইপর্ব স্থগিত হয়ে যাওয়ার পর কয়েকটি দেশ ঘুরে গত ৩০ নভেম্বর দেশে ফেরেন তারা।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.