ভয়েস নিউজ ডেস্ক:
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার দুপুরে তিনি এ শ্রদ্ধা জানান। বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে দুপুর ১২টা ২৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি কোবিন্দ।
তিনি ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঔষধি গাছ অশোকের চারা রোপণ করেন। তিনি ১২টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকায় ফেরেন।
বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পরে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন রামনাথ কোবিন্দ।
মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার দেবেন ভারতের রাষ্ট্রপতি।
সফরের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি ‘গেস্ট অব অনার’ হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ গণ্যমান্য ব্যক্তিরা।
সফরের তৃতীয় দিন ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি ঢাকার রমনা কালীমন্দিরের সদ্য সংস্কারকৃত অংশ উদ্বোধন করবেন এবং মন্দির পরিদর্শন করবেন।
মন্দিরসংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়ের আগ্রহ দেখিয়েছেন তিনি। একই দিনে রাষ্ট্রীয় সফর শেষে দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রামনাথ কোবিন্দ।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ৩ দিনের সফরে আজ সকালে ঢাকায় আসেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.