ভয়েস নিউজ ডেস্ক:
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে সংক্রমণ ধরা পড়েছে ৬৭৪ জনের শরীরে, যা গত ৫ অক্টোবরের পর সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮১ জনের।
এর আগে ৫ অক্টোবর এর চেয়ে বেশি শনাক্ত হয়েছিল। সেদিন ৬৯৪ জনের দেহে করোনা শনাক্তে সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে করোনার ১৯ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ। এর চেয়ে বেশি শনাক্তে হার ছিল ২ অক্টোবর। সেদিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৪১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ একজন, নারী তিনজন। তাদের মধ্যে চল্লিশোর্ধ্ব এক, পঞ্চাশোর্ধ্ব এক ও ষাটোর্ধ্ব দুজন।
গত এক দিনে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের দুজন। রাজশাহী ও খুলনা বিভাগের রয়েছেন একজন করে।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮১২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, কোনো দেশে টানা দুই সপ্তাহ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সে দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে বলে ধরা হয়। সে হিসাবে দেশে করোনা সংক্রমণ হার নিয়ন্ত্রণের মধ্যেই আছে।
তবে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও বাড়ছে শনাক্তের হার। এর মধ্যে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনও দেশে শনাক্ত হয়েছে। এই ধরন অনেক বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ওমিক্রন যাতে দ্রুতগতিতে ছড়াতে না পেরে, সে জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে সরকার থেকে জানানো হয়েছে। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে করণীয় নির্ধারণে সোমবার ডাকা হয়েছে আন্তমন্ত্রণালয় বৈঠক।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.