আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের পশ্চিম প্রান্তে আঘাত হেনেছে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সোমবার (১৭ জানুয়ারি) পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশে এই ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে।
তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন চার জন। ওই প্রদেশের মুক্বর জেলাতেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
আফগানিস্তান তালেবানের দখলে আসার পর এমনিতেই মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে দেশটি। কারণ পশ্চিমা দেশগুলো আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে এবং বিদেশে থাকা সম্পদও আটকে দিয়েছে। এরইমধ্যে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় সেখানের মানুষের সমস্যা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পার্বত্য এলাকায়। সেই ভূমিকম্পের প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় দেখা দিয়েছিল। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অনেকের প্রাণহানি হয়েছিল।
এদিকে আফগানিস্তানে ফৈজাবাদে শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে ভূমিকম্প হয়েছিল। যদিও ওই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই দিন রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তানের ফৈজাবাদ। শুক্রবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল ফৈজাবাদ থেকে ১১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
শুক্রবার ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতেও জোরাল কম্পন অনুভূত হয়েছিল। কম্পন অনুভূত হয়েছিল রাজধানী জাকার্তাতেও। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলেও সরকারি সূত্রে জানানো হয়েছিল।
মঙ্গলবার ভোরে ভারতের অরুণাচল প্রদেশেও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.