ভয়েস নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সরকার বিশ্বময় বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। আর অপরদিকে বিএনপি বাংলা, বাঙালি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে।
একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এর আগে নেতারাসহ আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন তথ্যমন্ত্রী।
সাংবাদিকরা বিএনপি মহাসচিবের এদিনের মন্তব্য ‘আওয়ামী লীগ একুশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে’, এ নিয়ে প্রশ্ন করলে ড. হাছান মাহমুদ বলেন, ‘এই দেশ ও বাঙালির সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের নিয়ে রাজনীতি করে বিএনপি। বাঙালি চেতনাকে বিএনপি ধারণ করে না, খালেদা জিয়াও করেন না। সে কারণে বিএনপি মহাসচিবের বক্তব্য তাদের বেলাতেই প্রযোজ্য। বাংলার চেতনাকে, বাঙালি এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপিই ধ্বংস করছে।’
ভাষার জন্য শহীদ ও আন্দোলনকারী সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘যারা বাঙালির কণ্ঠরোধ করতে চেয়েছিল, বাঙালি ও বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আমাদের ভাষার অধিকার হরণ করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে ১৯৫২ সালের এই দিনে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং সেই রক্তক্ষয়ী প্রতিরোধের মধ্য দিয়ে আমাদের ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।’
তেমনই আজকের এই দিনে যারা দেশবিরোধীদের প্রশ্রয় দিচ্ছে, দেশের বিরুদ্ধে, দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে বলে আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বময় বাংলাভাষার মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘শেখ হাসিনা ঘোষণা করেছেন, আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই কাজ করছি আমরা।’
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.