খেলাধুলা ডেস্ক:
আর্থিক ক্ষতির চিন্তা মাথায় ফুটবল এবং ক্রিকেট মাঠে নামতে একেবারে মরিয়া হয়ে উঠেছিল। জার্মানির বুন্দেসলিগা তো শুরু হয়ে গেছে গত মাসেই, ১১ জুন মাঠে নেমে পড়ছে স্পেনের অসমাপ্ত লা লিগাও, তার কদিন পর ইংলিশ প্রিমিয়ার লিগ। আগামী মাসেই ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আবার মাঠে ফিরিয়ে আনছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে রাফায়েল নাদাল চান না তাড়াহুড়ো করে কোর্টে নেমে পড়ুক টেনিস। ১৯ টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস তারকা বরঞ্চ আরেকটু দেরিতে শুরুর পক্ষে, যাতে বাকি সমাজের কাছে পৌঁছুতে পারে একটি ইতিবাচক বার্তা।
খুব দ্রুত হলেও আগামী জুলাইয়ের শেষ নাগাদ ছাড়া টেনিসের কোনও পেশাদার ট্যুর হওয়ার সম্ভাবনা নেই। নাদাল এমনটা ভাবতেও চান না যে প্রতিটি খেলোয়াড় মুক্তভাবে ভ্রমণ-সুবিধা পাওয়ার ও নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত ভাবার আগে আবার শুরু হোক স্থগিত থাকা টুর্নামেন্টগুলো। স্প্যানিশ টেনিস তারকা নিজেই বলছেন, এই মুহূর্তে আগস্টে নিউইয়র্কে গিয়ে ইউএস ওপেন শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার ইচ্ছেটা তার খুবই কম।
‘আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন এই মুহূর্তে নিউইয়র্কে গিয়ে আমি টেনিস টুর্নামেন্টে খেলতে চাই কি না, আমি বলবো “না”, আমি খেলবো না’- ৩৪ বছর বয়সী নাদাল এমন একটা সময়ে এই কথাগুলো সাংবাদিকদের বললেন যখন তার প্রিয় ফ্রেঞ্চ ওপেনের চূড়ান্ত রোমাঞ্চকর জায়গায় পৌছাঁনোর কথা ছিল। কিন্তু হায়, করোনাভাইরাস টেনিসের সব টুর্নামেন্টের মতো এই গ্র্যান্ড স্লামকেও বাতিল করে দিয়েছে!
নাদাল অবশ্য বলতে পারছেন না আগামী দুইমাসের মধ্যে পরিস্থিতি কেমন হবে, তাই আরেকটু অপেক্ষা করেই দেখতে চান। বিবিসি নাদালকে উদ্ধৃত করেছে, ‘আগামী দুইমাসের মধ্যে পরিস্থিতি কী হতে যাচ্ছে আমি জানি না। আমি নিশ্চিত টুর্নামেন্ট যদি খেলাই হয়, তা হবে চূড়ান্তরকমের সুরক্ষিত পরিবেশে। আর তা না হলে, আমার মতে টুর্নামেন্ট আয়োজনের কোনও অর্থ থাকবে না।’
এদিকে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন এ মাসের শেষের দিকেই সম্ভবত সিদ্ধান্তটি নিতে চলেছে যে দর্শকশূন্য কোর্টে ৩১ আগস্ট থেকে ইউএস ওপেন শুরু করা যায় কি না। এ ব্যাপারে নাদালের ভাবনাচিন্তা একেবারেই পরিষ্কার, ‘আমরা নজিরবিহীন একটা দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছি এটা আমাদের বুঝতে হবে। আমার উপলব্ধি হলো আমাদের তখনই ফেরাটা ঠিক হবে যখন বিশ্বের সব দেশের সব খেলোয়াড় সুরক্ষিত পরিবেশে মুক্তভাবে ভ্রমণ করতে পারবে। আমি আমার খেলাটিকে শতকরা ১০০ ভাগ ন্যায্য ও শুদ্ধভাবে দেখতে চাই।’
করোনাভাইরাস মহামারির কারণে আড়াই মাস র্যাকেট হাতে না তোলা নাদাল জানিয়েছেন একটু একটু করে অনুশীলনে ফিরছেন তিনি।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.