ক্রীড়া প্রতিবেদক:
দেশের দু'টি ঐতিহ্যবাহী প্রেসক্লাবের ফুটবল লড়াইয়ে কক্সবাজারই সেরা হয়েছে। ৭ মার্চ পড়ন্ত বিকালে অনুষ্ঠিত জয় বাংলা প্রীতি বীচ ফুটবল ম্যাচে কক্সবাজার প্রেসক্লাব ২-১ গোলে সফরত নারায়ণগঞ্জ প্রেসক্লাবকে হারিয়ে ট্রফি জিতে নেয়। সৈকতের সীগাল পয়েন্টে উপভোগ্য ম্যাচটি শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনার পারদ নিয়ে আসে। দশ মিনিট পরই ম্যাচটির নিয়ন্ত্রণ নেয় বিপ্লব, দীপু, মাহবুব, শফি, সুনীল, রুবেল, সফি, অর্পণ ও সুমনরা। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে হিরুর ডিফেন্স ছেড়া পাস থেকে প্লেসিং শটে গোল করে কক্সবাজার প্রেসক্লাবকে ১-০ গোলে এগিয়ে দেন গোল্ডেনবয় আহসান সুমন। স্বাগতিকরা বিরতিতে যায় ১-০ তে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নারায়ণগঞ্জের সাবধানী ফুটবলের বিরুদ্ধে কক্সবাজার আক্রমণাত্মক ফুটবল খেলে। খেলার শেষের মিনিট ছয়েক আগে দীপুর চমৎকার বাড়িয়ে দেয়া বলে নারায়ণগঞ্জের ডিফেন্ডারদের পরাস্ত করে প্রতিপক্ষের নেট কাঁপায় ক্ষিপ্রগতির স্ট্রাইকার মাহবুব। সেই গোলে সফরকারীরা হেন্ড বলের আপত্তি জানালেও বাফুফের তালিকাভুক্ত দক্ষ খেলা পরিচালক সেই আবেদন নাকচ করে দেন। ফলে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর রেফারি আবু বক্কর সিদ্দিকের বাঁশির অন্তিমক্ষণে কক্সবাজারের ডিফেন্ডারদের ভুলে নারায়ণগঞ্জ ব্যবধান কমায় এক গোলের। এর কিছু সময় পর রেফারির শেষ বাঁশি বাজে। হিসেবের খাতায় ফলাফল দাঁড়ায় ২-১ গোল।
কক্সবাজারের হয়ে বেশ কয়েকটি ঝুঁকির বল আটকে দেন গোলরক্ষক আয়ুব।
এদিকে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান।
এছাড়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে অতিথিবৃন্দ ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেয়া দু'দলের খেলোয়াড়দের মাঝে ট্রফিসহ পুরস্কার বিতরণ করেন।
ম্যাচ সমন্বয়কারী ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক হাসানুর রশিদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, কোষাধ্যক্ষ মোহাম্মদ জুনাইদ ও প্রচার সম্পাদক নুপা আলম।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.