আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নেতাদের ফোনালাপ আয়োজনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে হোয়াইট হাউজ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে।
ইউক্রেনের জন্য সমর্থন এবং তেলের মূল্য নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র যখন আন্তর্জাতিক সমর্থন তৈরিতে কাজ করছেন তখন এই খবর সামনে এসেছে।
মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংবাদপত্রটিকে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইউএই এর যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান উভয়েই সম্প্রতি বাইডেনের সঙ্গে কথা বলতে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেননি।
ইয়েমেনের গৃহযুদ্ধে তাদের হস্তক্ষেপে আরও বেশি সহায়তা চায় সৌদি আরব। এছাড়া রিয়াদের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সাহায্য এবং যুক্তরাষ্ট্রে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আইনি দায়মুক্তি চায় সৌদি আরব। আর এসব দাবির কথা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন সৌদি কর্মকর্তারা।
২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে মামলার মুখে পড়েছেন সৌদি যুবরাজ।
নির্বাচনি প্রচারণার সময়ে বাইডেন সৌদি আরবকে ‘জাতিচ্যুত’ রাষ্ট্র আখ্যা দেন। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের জন্য সৌদি আরবকে মূল্য দিতে হবে বলেও প্রতিশ্রুতি দেন বাইডেন।
এদিকে, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মার্কিন প্রতিক্রিয়ায় সৌদি আরবের মতো একই উদ্বেগ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.