ভয়েস নিউজ ডেস্ক :
করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময়কে ‘বাঁচা-মরার লড়াই’ আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ লড়াই আমাদের সবার বাঁচা-মরার লড়াই। এ সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ঙ্কর করে তুলবে। আমাদের ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতী করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।’
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
করোনাসংকট কোনও রাজনৈতিক ইস্যু নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটর করছেন, নির্দেশনা দিচ্ছেন, তদারকি করছেন। এ সময় আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করা প্রয়োজন।’
করোনা সংকটকালে দেশের জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্যধারণ এর কোনও বিকল্প নেই। আপনারা সামাজিক দূরত্ব মেনে চলুন।’
সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। লড়াই আমাদের জিততে হবে। জনগণকে বলবো এই সংকটকালে নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে। জয় আমাদের হবেই, ইনশাল্লাহ।’
ওবায়দুল কাদের ফ্রন্টলাইনে থেকে যারা কাজ করছে ডাক্তার নার্স টেকনোলজিস্ট, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, গণমাধ্যম এবং জরুরি সার্ভিসে যারা কাজ করছে তাদের সবাইকে ধন্যবাদ জানান।
রমজান মাসের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সংযমের মাস চলছে। ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি।’
ভয়েস /আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.