ভয়েস নিউজ ডেস্ক:
লিওনেল মেসিকে বরণ করে নিতে প্যারিসের লে বুরজে বিমানবন্দরে ঢল নেমেছিল পিএসজি সমর্থকদের। দু’দিন ধরে অপেক্ষায় ছিলেন তারা। পার্ক দেস প্রিন্সেসে বিছানো হয়েছিল লাল গালিচা। মেসির ৩০ নম্বর জার্সির জন্য উপচে পড়া ভিড় ছিল দোকানগুলোতে। আগ্রহের কেন্দ্র বিন্দুতে থাকা সেই মেসিকেই কিনা এখন গালমন্দ করছেন পিএসজি সমর্থকরা! বিষয়টি ভালোভাবে নেননি থিয়েরি অঁরি। ফরাসি কিংবদন্তির প্রশ্ন, সর্বকালের সেরা খেলোয়াড়কে লোকে দুয়ো দেয় কীভাবে?
পিএসজির বর্ণাঢ্য ক্লাব ইতিহাসে কমতি শুধু চ্যাম্পিয়নস লীগ শিরোপা। ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়ে মৌসুমের শুরুতে ঢেলে দল সাজান পিএসজি সভাপতি নাসির আল খেলাইফি। মেসি, রামোস, ভিনালদাম, হাকিমি ও দোন্নারুম্মার মতো ফুটবলারদের দিয়ে ভরিয়ে দেন ড্রেসিংরুম।
কিন্তু স্বপ্ন সত্যি হয়নি এবারও। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লীগ মিশন থামে শেষ ষোলোতে। আর এখানেই ক্ষোভ সমর্থকদের। দলীয় খেলা ফুটবলে ব্যর্থতার দায় মেসি-নেইমারের চাপিয়েছেন তারা। শেষ ষোলোয় প্রথম লেগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জেতে কোয়ার্টারে নাম লেখায় রিয়াল। পিএসজির অনেক সমর্থকই মনে করেন, প্রথম লেগে মেসি গোল করতে পারলে পিএসজির কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকতো। চ্যাম্পিয়নস লীগ থেকে ছিটকে যাওয়ার পর বোর্দোর বিপক্ষে গত সপ্তাহে ঘরের মাঠে খেলতে নেমেছিল পিএসজি। ম্যাচে ৩-০ গোলের জয় কুড়ালেও মেসি এবং নেইমারকে দুয়ো দেন পিএসজি সমর্থকরা। মাঠে যতবারই এ দুই তারকা বল স্পর্শ করেছেন, ততবারই দুয়ো ধ্বনি ভেসে আসে গ্যালারি থেকে।
যেনো প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েছেন মেসিরা। মোনাকোর বিপক্ষে ৩-০ গোলের হারের পর এক সাক্ষাৎকারে অঁরি বলেন, ‘গত সপ্তাহে পিএসজি সমর্থকেরা মেসিকে দুয়ো দেয়। সর্বকালের সেরাকে দুয়ো দেয় কীভাবে? লিগ ওয়ানে সে সর্বোচ্চ অ্যাসিস্ট করেছে। আজ কিন্তু মেসিকে ছাড়া তারা কোনো সুযোগই তৈরি করতে পারেনি।’
অসুস্থতার কারণে ম্যাচটি খেলেননি মেসি।
লিগ ওয়ানে এ মৌসুমে ১১টি গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। এ মৌসুমে যা যৌথভাবে সর্বোচ্চ। তবে এটা সত্যি যে বার্সেলোনার মেসির মতো জালের দেখা পাচ্ছেন না পিএসজির মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে করেছেন ৭ গোল।
ভয়েস/ জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.