ভয়েস ডেস্ক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘাত ছড়িয়ে দিতে তৃতীয় পক্ষের ইন্ধন ছিল। এ ঘটনায় নিহত দুজনের পরিবারের পাশে থাকবে সরকার।’
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় সংঘাত? এর জন্য মূলত তৃতীয় পক্ষই দায়ী। গোটা পরিস্থিতি নিয়ে সরকার বেশ সজাগ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘নিউমার্কেটে ফাস্টফুডের যে দোকানি, তাদের রাজনৈতিক পরিচয় জানা গেছে। নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের এনে তার ব্যাপকতা ছড়িয়ে একটা অরাজকতার পরিবেশ তৈরি করেছে। কোনো অবস্থায় এদের ছাড় দেওয়ার সুযোগ নেই।’
নিউমার্কেট ও তার আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘সামনে পবিত্র ঈদুল ফিতর। তাদের এখনই ব্যবসা করার সময়। তাছাড়া গত দুবছর করোনার কারণে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে। সে বিবেচনায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শিক্ষামন্ত্রী পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, কৃষি বিভাগের উপপরিচালক জালাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ দলীয় নেতা-কর্মীরা।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.