খেলাধুলা ডেস্ক:
নিজেদের ক্লাব ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছে বার্সেলোনা। যার পুনরাবৃত্তি হয়তো তারা কখনোই চাইবে না। প্রথমবার ঘরের মাঠে হেরেছে টানা তিনটি ম্যাচ! ন্যু ক্যাম্পে লা লিগায় সর্বশেষ রায়ো ভায়েকানোর কাছে ১-০ গোলে হারের পরই লজ্জার নজিরটি গড়েছে জাভি হার্নান্দেসের দল। নিজেদের গৌরবময় ইতিহাসের কোনও মৌসুমেই এমন নজির ছিল না স্প্যানিশ জায়ান্টদের।
বার্সেলোনার এমন দুর্দশা বোধহয় কপালের লিখন! মহাদেশের অভিজাত ক্লাবগুলোর কাতার থেকে তাদের নেমে যেতে হয়েছিল ইউরোপা লিগে। ঘরের মাঠে এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েই বিপদের শুরু। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরেছে ৩-২ গোলে। তার পর কাদিজের কাছে সোমবার হারের পর ভায়েকানোর বিপক্ষেও ভাগ্য বদলালো না।
অথচ খুব বেশিদিন আগের কথা নয়। বার্সেলোনার দুর্দান্ত পারফরম্যান্স শিরোপা লড়াই প্রায় জমিয়ে দিচ্ছিল! এখন তাদের বিবর্ণ পারফরম্যান্সে শিরোপা থেকে মাত্র এক পয়েন্ট দূরে রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচে আর একটি পয়েন্ট পেলেই ৩৫তম শিরোপা উঁচিয়ে ধরবে লস ব্লাঙ্কোস। আর সেটি সম্ভব শনিবারই! টানা তিন ম্যাচে হারের নজির আগেও ছিল বার্সার। সেটি অবশ্য এক মৌসুমে ছিল না। ১৯৯৮ সালে দুই মৌসুমে পড়ে যায় ম্যাচগুলো।
অথচ এই ম্যাচ জিতলে সেরা চার নিশ্চিতই ছিল কাতালানদের। কিন্তু সাত মিনিটে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দিয়েছেন গার্সিয়া। বক্সের মধ্যে বল পেয়ে জাল কাঁপিয়েছেন সফরকারী দলের এই খেলোয়াড়। একটি গোলের পর বার্সা অনেকগুলো সুবর্ণ সুযোগ মিস করেছে। এমনকি অতিরিক্ত ১৪ মিনিট যোগ হওয়ার পরেও! ১১তম স্থানে থাকা ভায়েকানোও কৃতিত্ব দেখালো এই প্রথম- লিগে দুইবার বার্সাকে হারানো।
এখন হেরে যাওয়ায় সেরা চার নিয়ে নড়বড়ে অবস্থায় পড়ে গেছে বার্সা। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে বার্সা, সেভিয়ারও পয়েন্ট ৬৩। ৬১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। পাঁচে থাকা রিয়াল বেতিসেরও সংগ্রহ ৫৭ পয়েন্ট। আর সেরা চার দলই পরের মৌসুমে খেলবে চ্যাম্পিয়নস লিগ।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.