ভয়েস নিউজ ডেস্ক:
জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি একটি পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৫ জুলাই) এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিবের ‘বিভ্রান্তিকর এবং দুরভিসন্ধিমূলক বিবৃতির’ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা বিবৃতি দেন তিনি।
বিএনপি নেতাদের আন্দোলনের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি, তারপরও বিএনপি নেতৃবৃন্দ দিবা স্বপ্নের ঘোরে আচ্ছন্ন হয়ে আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা জনকল্যাণকর রাজনীতির পথ পরিহার করে সবসময় ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কখনোই জনগণকে ক্ষমতার উৎস মনে করে না, বরং তারা তাদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থে জনগণকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
বর্তমানে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে—মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিবৃতির জবাবে ওবায়দুল কাদের তার বিবৃতিতে বলেন, এ দেশে ফ্যাসিবাদী শাসন ও রাজনীতির প্রতিভূই হচ্ছে বিএনপি।
হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ ও অসাংবিধানিক রাষ্ট্র ক্ষমতা দখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরেই এ দেশে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয় বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করেন তার উত্তরসূরি খালেদা জিয়া ও তারেক রহমান। তাদের প্রত্যক্ষ মদতে একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিচারহীনতার অপসংস্কৃতির চৌহদ্দি ডিঙিয়ে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে।
তিনি আরও বলেন, একইসঙ্গে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বহুমাত্রিক পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.