ভয়েস নিউজ ডেস্ক:
একজন অমুসলিমকে পবিত্র নগরী মক্কায় প্রবেশে সহায়তা করার অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার দেশটির পুলিশ জানিয়েছে। এক ইসরায়েলি সাংবাদিকের বিরুদ্ধে অনলাইনে শোরগোলের পর ওই সৌদি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
খবরে বলা হয়, ইসরায়েলের চ্যানেল-১৩-এর সাংবাদিক গিল তামারি অমুসলিমদের ওপর থাকা নিষেধাজ্ঞা ভঙ্গ করে মক্কায় লুকিয়ে প্রবেশ করার একটি ভিডিও সোমবার টুইটারে পোস্ট করেন।
সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে একজন পুলিশ মুখপাত্র বলেছেন, মক্কার আঞ্চলিক পুলিশ একজন (অমুসলিম) সাংবাদিককে মক্কায় প্রবেশে সহায়তার অভিযোগে একজন নাগরিককে প্রসিকিউটরদের কাছে তুলেছে।
এসপিএ ওই সাংবাদিকের নাম না জানালেও বলেছে, তিনি একজন মার্কিন নাগরিক।
পর্দার অন্তরালে ব্যাবসায়িক এবং নিরাপত্তা যোগাযোগ বৃদ্ধি সত্ত্বেও সৌদি আরব ইসরায়েলকে এখনো কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। দেশটি ২০২০ সালে মার্কিন উদোগে প্রতিষ্ঠিত আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি। ওই চুক্তির মাধমে ইহুদি রাষ্ট্রটি সৌদি আরবের দুই প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।
মিনিট দশেকের ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সাংবাদিক মক্কার আরাফাত পর্বত পরিদর্শন করেন। তামারি স্পষ্ট করে বলেছেন, তিনি জানেন যা করছেন তা বেআইনি। কিন্তু তিনি ‘মুসলিম ভাই ও বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা’ প্রদর্শন করতে চেয়েছিলেন মাত্র।
তামারির যুক্তি এবং পরবর্তী সময়ে ক্ষমা চাওয়াও সৌদি সোশ্যাল মিডিয়ার ক্ষুব্ধ প্রতিক্রিয়া শান্ত করতে তেমন সফল হয়নি।
ইসরায়েল দেশটির সাংবাদিকের এই কাজকে সমর্থন জানাতে চায়নি। বুধবার একজন ইসরায়েলি মন্ত্রী তামারির প্রতিবেদনকে ‘নির্বোধের কাজ এবং ইসরায়েল-উপসাগরীয় সম্পর্কের জন্য ক্ষতিকর’ বলে অভিহিত করেন।
সরকারি চ্যানেল কানকে ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী ইসাউই ফ্রেইজ বলেন,‘আমি দুঃখিত (তবে) এটা করা এবং এ নিয়ে গর্ব করা ছিল বোকামি। ’
প্রসঙ্গত, মন্ত্রী ফ্রেইজ একজন মুসলিম। তিনি আরো বলেন, ‘শুধু রেটিংয়ের জন্য এই প্রতিবেদনটি প্রচার করা দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষতিকর। ’
মন্ত্রী ফ্রেইজ বলেন, প্রতিবেদনটি ইসরায়েল ও সৌদি আরবকে ধীরে ধীরে আরো স্বাভাবিক সম্পর্কের দিকে নিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে।
গিল তামারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক সফরের খবর সংগ্রহ করতে জেদ্দায় গিয়েছিলেন। পরে তামারি দুঃখ প্রকাশ করে বলেছেন, মুসলমানদের আঘাত দেওয়ার উদ্দেশ্যে ওই কাজ করেননি। মক্কার গুরুত্ব ও ধর্মের সৌন্দর্য তুলে ধরার মাধ্যমে ধর্মীয় সহিষ্ণুতা এগিয়ে নেওয়াই ছিল তার লক্ষ্য।
সূত্র : এএফপি।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.