ভয়েস নিউজ ডেস্ক:
আন্দোলনের নামে সহিংসতার উপাদান যুক্ত হলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কখনও কাউকে আক্রমণ করবে না। তবে আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে।
ওবায়দুল কাদের শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘সবুজ বাংলাদেশ: সমৃদ্ধ বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী এনভায়রনমেন্টাল প্রটেকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
নির্বাচনে শেখ হাসিনা সরকারকে হঠাতে পারবে না জেনে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির এখন যারা কর্মী নেই, তারা দুর্বৃত্ত হয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা আছে। যারা সন্ত্রাসী মামলার আসামি তাদের যদি এসব অপরাধের জন্য পুলিশ ধরে তাহলে কি পুলিশের অপরাধ হয়?
খারাপ কাজ ও অপরাধ যারা করবে তাদের আওয়ামী লীগের হলেও কোনও ছাড় দেওয়া হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে অপরাধ করবে সে যেই দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, বিএনপির লোকজন অপরাধী হলে তাদের আইনের আওতায় নিলে কেন এত আপত্তি?
বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দীন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.