ভয়েস নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা সমস্যার সমাধান না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ‘চীন বিপ্লবের মহানায়ক মাও জে দং-এর ৪৬তম মৃত্যু বার্ষিকী’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আক্ষেপ প্রকাশ করেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।
প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ভারত থেকে প্রধানমন্ত্রী ঘুরে এলেন। কিন্তু মূল সমস্যাগুলোর আশাবাদী সমাধান দেখছি না। তিস্তার সমস্যা ঝুলে রইলো, একইভাবে কুশিয়ারা থেকে পানি প্রত্যাহারের অনুমতি নিলাম। এখন আনন্দ হচ্ছে যে কুশিয়ারা থেকে পানি প্রত্যাহার করতে পারবো। কিন্তু মেঘনা বেসিনে গিয়ে এটা কতখানি সংকট সৃষ্টি করবে, নাকি করবে না তা নিয়ে কোনো সমীক্ষায় কিন্তু আমরা যাইনি।
তিনি বলেন, এখন আমাদের জন্য অনেক বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে নদী নিয়ে। গঙ্গা চুক্তি ২০২৬ সালে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সংযোগ স্থল দিয়ে পানি প্রবাহ নিয়ে এখনো পর্যন্ত কোনো যৌথ সমীক্ষা করতে পারিনি।
মন্ত্রীদের সমালোচনা করে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, তাদের কাছে যদি জিজ্ঞেস করি, তাহলে বলবে ১৯ লাখ টন খাদ্য আছে। কৃষি মন্ত্রী বলবেন, গুদামে পর্যাপ্ত সার মজুত আছে। কিন্তু মাঠে যখন যান, দেখবেন আমাদের কৃষক সে সার পাচ্ছে না।
তিনি বলেন, বলা হচ্ছে সারের পর্যাপ্ত সংগ্রহ আছে। কিন্তু তালিয়ে দেখছি সারের সংকট হচ্ছে। সবচেয়ে বড় সংকটে আছে কৃষক। আর কৃষককে বাদ দিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন সম্ভব হবে এটা ভুল কথা।
ওয়ার্কার্স পার্টির ২১ দফা দাবি উল্লেখ করে তিনি বলেন, আমরা গণতান্ত্রিকভাবে কৃষকের উৎপাদন প্রাপ্তি ও তাদের অধিকার এবং শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করেছি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শামশির, দলটির মতাদর্শ ও প্রশিক্ষণ বিভাগ প্রধান কমরেড ড. সুশান্ত দাস,ওয়ার্কার্স পার্টির সদস্য কামরুল আহসান, সমাজ গবেষক শামসুল হুদা প্রমুখ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.