ভয়েস প্রতিবেদক:
সাগরপথে কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাত টায় কক্সবাজার শহরের বিআইডব্লিউ ঘাট ছেড়ে গেছে কর্ণফুলি এক্সপ্রেস। এ মৌসুমের প্রথম যাত্রায় তাদের যাত্রী ছিল ৭৫০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী এক্সপ্রেসের কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর। তিনি জানান, কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন রওনা দিয়েছে। এ মৌসুমে প্রথমবারের মতো কোন জাহাজ সেন্টমার্টিন যাচ্ছে। আমাদের তরফ থেকে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হচ্ছে। জাহাজই রয়েছে ট্যুরিস্ট পুলিশ একটি টিম। সবকিছু ঠিক থাকলে দুপুর সাড়ে ১২ টার দিকে জাহাজটি সেন্টমার্টিন পৌছানোর কথা রয়েছে।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চালু করা যাচ্ছে না। তবে বিকল্প উপায় হিসেবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নিয়েছি।
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, নাব্যতা সংকটের কারণে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদন করা জাহাজগুলোকেও অনুমতি দেওয়া হবে।
গত শনিবার (১ অক্টোবর) পর্যটন মেলার অনুষ্ঠানে এসে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেন।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.