ভয়েস নিউজ ডেস্ক:
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে আব্দুর রহমান ওরফে আবছার নামের ওই কিশোরকে বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ী এলাকায় ছেড়ে গেছে অপহরণকারীরা।
শুক্রবার সকালে বড়ডেইলের পাহাড়ী এলাকায় পানের বরজে কাজ করতে যান আবছার ও তার মামা মোহাম্মদ শরীফ। এ সময় পাহাড়ের গহীন জঙ্গল থেকে আসা একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন শরীফ। পরে সন্ত্রাসীরা আবছারকে অপহরণ করে নিয়ে যায়।
গুলিবিদ্ধ শরীফ বড়ডেইল এলাকার সোনা আলীর ছেলে। তিনি পেশায় পানচাষি। এখন তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। অপহৃত আবছার একই এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ আরও জানান, ঘটনার পর থেকে আবছারকে উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য ব্যাপক অভিযান চালায় পুলিশ। গহীন পাহাড়ে সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানাগুলো ঘিরে ফেলেন পুলিশের সদস্যরা। গ্রেপ্তার এড়াতে সন্ত্রাসীরা কৌশলের আশ্রয় নেয় এবং এক পর্যায়ে আবছারকে তারা ছেড়ে দেয়। আবছার পাহাড় থেকে লোকালয়ে নেমে এলে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান।
আবছারের নিকটাত্মীয় বাহারছড়া ইউনিউয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নুরুল ইসলাম জানান, অপহৃত কিশোর হতদরিদ্র পরিবারের সন্তান। তার পরিবারের কেউ মোবাইল ফোন ব্যবহার করেন না। তাই সন্ত্রাসীরা মুক্তিপণ আদায়ের জন্য আবছারের পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাকে ছেড়ে দিয়েছে।
নুরুল ইসলাম আরও জানান, মুক্তিপণের দাবি জানাতে স্বজনদের মোবাইল নম্বর সংগ্রহের জন্য আবছারের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে সন্ত্রাসীরা। এতে সে আহত হয়েছে। উদ্ধারের পর তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
পরিদর্শক নুর মোহাম্মদ জানান, ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.