ভয়েস নিউজ ডেস্ক:
আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে জেলাবাসী লাভবান হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাক্ষাৎ ও কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে তৈরি হয়েছে নতুন আশ। এরই মধ্যে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত হচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।
গত ২৪ অক্টোবর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, আশেক উল্লাহ রফিক এমপি, মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।
সাক্ষাৎ শেষে কক্সবাজার ফিরে গত ২৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন ও অসমাপ্ত উপজেলা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এরই মধ্যে প্রধানমন্ত্রী ৭ ডিসেম্বর কক্সবাজার সফরে আসার তারিখ নির্ধারণ হয়েছে। ওই দিন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক নৌমহড়ায় অংশ নেওয়ার পাশাপাশি জনসভায় ভাষণ দেবেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে জানান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলের জন্য ৫ ডিসেম্বর সময় নির্ধারণ হলেও তা হবে না। আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আসছেন। তার জনসভা সফল করতে এখন ব্যাপক প্রস্তুতি চলছে। মূলত ৭ ডিসেম্বরের পরে ১৭ ডিসেম্বরের মধ্যে সুবিধাজনক সময় জেলা সম্মেলন হবে। তবে অন্যান্য উপজেলা সম্মেলন ও কর্মসূচি ঠিক থাকবে।
মুজিবুর রহমান জানান, জেলা আওয়ামী লীগের আওতায় ১১টি সাংগঠনিক শাখার মধ্যে এরই মধ্যেই ৬টির সম্মেলন ও কাউন্সিল সমাপ্ত হয়েছে। চলতি বছরের গত ২৪ মার্চ কক্সবাজার পৌরশাখা, ২৬ জুলাই পেকুয়া, ২৭ জুলাই মাতামুহুরি, ২৮ জুলাই উখিয়া, ১০ সেপ্টেম্বর চকরিয়া ও ১১ সেপ্টেম্বর টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল সমাপ্ত হয়েছে। আগামী ১৬ নভেম্বর মহেশখালী, ১৭ নভেম্বর কুতুবদিয়া, ১৮ নভেম্বর ঈদগাঁও ও ১৯ নভেম্বর কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে।
তিনি বলেন, ‘এসব সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় প্রধানের কক্সবাজার সফরের পূর্বপ্রস্তুতিও বলা যায়।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী জানান, বিভিন্ন উপজেলার সম্মেলন ও প্রধানমন্ত্রীর সফর সফল করতে ১ নভেম্বর দলের কার্যনির্বাহী সংসদের সভা হয়েছে। সভায় আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগমনে জনসভাকে জনসমুদ্রে রূপান্তর করা হবে। এর জন্য ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। পরে কাউন্সিল অধিবেশন ছাড়া সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। একই বছরের ১৩ অক্টোবর ৭১ সদস্যবিশিষ্ট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
২০২০ সালের ২৫ নভেম্বর বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সভাপতি সিরাজুল মোস্তফাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। সাত বছর পর জেলার সম্ভাব্য সম্মেলন এবং একই সঙ্গে দলের প্রধানের আগমন উপলক্ষে দলে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম জানান, ২০১৭ সালের ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ কক্সবাজার এসেছিলেন। দীর্ঘ সময়ের পর ৭ ডিসেম্বর আবার আসবেন। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে যেমন উদ্দীপনা তৈরি হয়েছে তেমনি সাধারণ মানুষও খুশি।
প্রধানমন্ত্রীর এ সফরে জেলাবাসী লাভবান হবেন বলে মনে করছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রণজিত দাশ।
কক্সবাজার ঘিরে সরকারের উন্নয়নের মহাযজ্ঞ চলছে। প্রধানমন্ত্রীর এ সফর উন্নয়নের গতিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে—এমন মনে করছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফর কেবল আওয়ামী লীগের না, এর জন্য পুরো জেলাবাসী প্রতিক্ষা করছে অনেক বেশি আগ্রহ নিয়ে। সূত্র:প্রতিদিনের বাংলাদেশ।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.