ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফ এবং সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন পৃথক দুইটি অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা এবং ১ হাজার ৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে।
শনিবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে তুলাতলী ঘাট ও ঝাউবাগান থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আবদুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার ভোর রাত ১টারদিকে বিসিজি স্টেশন টেকনাফ কোস্ট গার্ড তুলাতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় তুলাতলী ঘাট হতে সন্দেহজনক এক ব্যক্তিকে একটি প্লাস্টিকের সাদা রংয়ের বস্তা কাঁধে নিয়ে মেরিন ড্রাইভে উঠতে দেখা যায়। লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। ওই লোকটি কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে বস্তাটি রাস্তার পাশের জঙ্গলে ফেলে দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে বস্তাবর্তী জালের মধ্যে লুকিয়ে রাখা ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
অপরদিকে একইদিন ভোর রাত সাড়ে ৩টায় সেন্টমার্টিন বিসিজি স্টেশন শাহপুরী দ্বীপের দক্ষিণ বিচ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় দ্বীপের দক্ষিণ বিচ এলাকায় ঝাউবনের ভিতরে পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় বেশ কিছু বস্তা দেখা যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা ওই স্থান হতে ৪২টি বস্তা উদ্ধার করে। বস্তাগুলো তল্লাশি করে ১ হাজার ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের ওই মিডিয়া কর্মকর্তা আরো জানান, জব্দকৃত ইয়াবা ও বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.