খেলাধুলা ডেস্ক:
করোনাভাইরাসের কারণে খেলাধুলায় স্বাভাবিক অনেক নিয়মেরই বদল এসেছে। দীর্ঘ বিরতির পর ইউরোপের ফুটবল লিগগুলো হচ্ছে ঠাসা সূচিতে। ক্রিকেটেও দেখা যাবে তেমনই ছবি। এই যেমন আগস্টে ওয়ানডে খেলার একদিন পরই টেস্ট খেলতে নেমে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। সেটিও আবার দুই দলের বিপক্ষে।
পাকিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ওল্ড ট্র্যাফোর্ডে, ৫ আগস্ট। পরের দুই টেস্ট সাউদাম্পটনে। সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য গ্যালারিতে বায়ো-সিকিউর পরিবেশে।
এই সিরিজের আগে ইংল্যান্ড খেলবে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সাউদাম্পটনে যা শুরু হবে ৩০ জুলাই। ১ আগস্ট ও ৪ আগস্ট পরের দুই ম্যাচ।
অর্থাৎ এর একদিন পরই পাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। পরের দুই টেস্ট শুরু হবে ১৩ ও ২১ আগস্ট।
এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। ২৮ আগস্ট, ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
এর আগে বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংলিশরা তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে। এই সিরিজ দিয়েই করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.