ভয়েস নিউজ ডেস্ক:
সীমান্ত অপরাধ দমন, প্রতিবেশী দেশ হতে চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে দ্রুত ও কার্যকরভাবে টহল পরিচালনার জন্য বিজিবিতে এ যুক্ত হলো অল টেরেইন ভেহিক্যাল(ATV)। বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, নজরদারি এবং অপরাধ মোকাবিলায় সর্বাধুনিক প্রযুক্তির ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স অ্যান্ড ট্যাকটিকাল বর্ডার রেসপন্স সিস্টেম’ স্থাপন ও সম্প্রসারণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতোমধ্যে যশোর জেলার পুটখালী এবং কক্সবাজার জেলার টেকনাফ সীমান্তের ২৩ কিলোমিটার এলাকায় সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে। তাছাড়া, টেকনাফ সীমান্তের দমদমিয়া হতে উনচিপ্রাং, উনচিপ্রাং হতে পালংখালী, পালংখালী হতে বাইশফাঁড়ি পর্যন্ত ৪৫ কিলোমিটার, নওগাঁ জেলার হাপানিয়া সীমান্তে ১৫ কিলোমিটার, দিনাজপুর জেলার হিলি হতে কয়া পর্যন্ত ১৫ কিলোমিটার, চাঁপাইনবাবগঞ্জ জেলার মাসুদপুর হতে কয়া সীমান্ত পর্যন্ত ১৫ কিলোমিটার সহ সর্বমোট ৯০ কিলোমিটার এলাকায় সার্ভেইল্যান্স সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।
বিভিন্ন এলাকায় স্থাপিত ‘স্মার্ট ডিজিটাল সার্ভেইল্যান্স অ্যান্ড ট্যাকটিকাল বর্ডার রেসপন্স সিস্টেম’ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুততার সাথে ঘটনাস্থলে বিজিবি সদস্যদের প্রেরণ এবং দূর্গম ও অপ্রচলিত সড়কসমূহে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার জন্য বাহিনীতে অল টেরেইন ভেহিক্যাল(ATV) সংযোজন করা হয়েছে।
অল টেরেইন ভেহিক্যাল(ATV) কর্দমাক্ত সরু রাস্তা, বালুময় চরাঞ্চল, খাল-বিলসহ বিভিন্ন জলাশয়, পাহাড়ি খাড়া রাস্তা এবং যেকোনো দুর্গম রাস্তায় চলাচলের জন্য খুবই উপযুক্ত। এছাড়াও ওজনে হালকা হবার কারণে বিশেষ ক্ষেত্রে এটি হেলিকপ্টারের মাধ্যমে নির্ধারিত স্থানে হেলিড্রপ করা সম্ভব।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.