বিশেষ প্রতিবেদক:
চকরিয়া ও পেকুয়ায় পৃথক ঘটনায় দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযার নামাজ পড়া নিয়ে জামাত কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ফোরকানুর রহমান (৪৫) নামের একজন জামাতকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের ওসি সহ কমপক্ষে ১৫জন। ভাংচুর করা হয়েছে পুলিশের একটি গাড়ী।
নিহত জামাতকর্মী ফোরকানুর রহমান (৪৫) চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেতপাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। আহত পুলিশ সদস্যদের চকরিয়া ও পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান কক্সবাজার ভয়েসকে জানান, আজ বিকালে আছরের নামাজের সময় চকরিয়া পৌরসভার লামার চিরিঙ্গা বায়তুশ শরফ সড়কে জামাত নেতা ও মানবতাবিরুদী অপরাধে দন্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে গায়েবানা জানাযার নামাজ শেষে পুলিশের উপর হামলা চালায় জামাতকর্মীরা। এসময় পুলিশের একটি গাড়ী ভাঙচুর করা হয়। এতে বাঁধা দিতে গিয়ে ওসি জাবেদ মাহমুদ সহ ৫/৬জন পুলিশ আহত হয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জামাতকর্মীদের বেপরোয়া ইট পাটকেল নিক্ষেপ করার সময় জামায়াতের একজনকর্মী নিহত হওয়ার খবর পেয়েছি। এঘটনায় আহত পুলিশদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান কক্সবাজার ভয়েসকে আরও জানান, একই দিন পেকুয়ায় সাঈদীর গায়েবানা জানাযা শেষে পুলিশের উপর হামলা করে জামাতকর্মীরা। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বারবাকিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এঘটনায় হামলায় আহতেরা হলেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিনুল ইসলাম, অমর চদ্র বিশ্বাস, মফিজুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন, কনস্টেবল আরিফুল ইসলাম ভূঁইয়া, প্রদীপ কুমার দে, মো. সবুর মিয়া, রবি উল্লাহ, ইমরান হোসেন, রামকৃষ্ণ দাশ, তৌহিদুল ইসলাম, রিপন মিয়া, রিয়াজুল ইসলাম। এদের মধ্যে এসআই শাহিনুল ইসলামের হাত ও অমর চন্দ্র বিশ্বাসের পায়ে আঘাত গুরুতর।
পেকুয়া পুলিশ সুত্রে জানা গেছে, পেকুয়ার বারবাকিয়া বাজারে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের একটি টহল টিম বাজারে উপস্থিত ছিল। নামাজ শেষে আগত মুসল্লীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান ওসি। এসময় জানাযায় আগত জামাতকর্মীরা জড়ো হয়ে পুলিশের ওপর হামলা করে। এতে ৮জন পুলিশ আহত হন। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.