ভয়েস প্রতিবেদক, পেকুয়া:
পেকুয়ায় টইটং ও উজানটিয়া ইউনিয়নের থেকে দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা।
উজানটিয়া ইউপির সদস্য মো. শরীফ বলেন, টেকপাড়া বেড়িবাঁধের পাশে অর্ধগলিত একজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। সামজিক যোগাযোগ মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।
নিহতের নাম গিয়াস উদ্দিন (৫৫)। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের মৌলভীর চর স্টেশন পাড়ার মৃত ফজল করিমের ছেলে।
অপরদিকে টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, সোমবার সকালে নতুন পাড়া মোকতার আহমদের দোকানের সামনে সড়কের ওপর ছটফট করতে করতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। টইটং থেকে উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। অপরজন গিয়াস উদ্দিন গত ৯ আগস্ট নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় জিডিও করা হয়েছিল।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.