ভয়েস নিউজ ডেস্ক:
শিরোপা থেকে আর একটি মাত্র জয় দূরে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় গ্রানাদার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে তারা। তবে এই স্কোর লাইন দেখেও বুঝার উপায় নেই যে প্রতিপক্ষ একেবারে ছেড়ে কথা বলেনি। শেষ দিকে ত্রাস ছড়িয়েছে গ্রানাদা!
শুরুটা অবশ্য আশা জাগানিয়াই ছিল রিয়ালের। ১০ মিনিটে দলকে এগিয়ে নিয়েছেন ফারল্যান্ড মেন্ডি। দুরূহ কোণ থেকে দারুণ ক্ষিপ্রতায় গোলটি করেন এই ডিফেন্ডার। এর পর ব্যবধান বাড়াতেও বেশি সময় নেয়নি তারা। ১৬ মিনিটে স্কোর ২-০ করেন করিম বেনজেমা।
তবে বিরতির পর গ্রানাদার হয়ে ডারউইন মাচিস একটি গোল শোধ দিলে নড়বড়ে হয়ে পরে রিয়াল। গোলরক্ষক কোর্তোয়ার পায়ের ফাঁক দিয়েই জালে বল জড়ান তিনি।
তার পরেই ধীরে ধীরে আক্রমণে ধার বাড়তে থাকে গ্রানাদার। মুহুর্মুহু আক্রমণে রিয়ালকে ব্যতিব্যস্ত করে তোলে। তাদের সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগ ছিল শেষ দিকে। কিন্তু রামোন আজিজের শট গোললাইন থেকে ফিরিয়ে রিয়ালকে রক্ষা করেছেন অধিনায়ক সের্হিয়ো রামোস।
এমন পরিস্থিতিতেও দলে অব্যবহৃত বদলির তালিকাতেই ছিলেন গ্যারেথ বেল। মৌসুম শুরুর পর মাত্র ১২টি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। সেই ২৪ জুন মায়োর্কার বিপক্ষে বদলি হয়ে যাওয়ার পর তাকে আর খেলতে দেখা যায়নি।
এই জয়ের পর বার্সার চেয়ে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন চার। ম্যাচ বাকি আরও দুটি। বার্সার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শেষ দুই ম্যাচ থেকে আর দুটি পয়েন্টই রিয়ালের শিরোপার জন্য যথেষ্ট। ৩৬ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৮৩ পয়েন্ট, সমান ম্যাচে বার্সার ৭৯।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.