ভয়েস নিউজ ডেস্ক:
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড এবং অব্যাহত গোয়েন্দা তৎপরতায় টেকনাফ শাহপরীরদ্বীপে বিজিবির মাদকবিরোধী অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শাহপরীরদ্বীপের কোস্টগার্ড নতুন ক্যাম্প সংলগ্ন বেড়ীবাঁধ এলাকা দিয়ে মাদকদ্রব্যের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে একটি টহলদল বেড়ীবাঁধের আঁড় নিয়ে এবং অপর একটি টহলদল নাফ নদীতে নৌ টহলরত অবস্থায় থাকে। আনুমানিক রাত ১১.৪৫ মিনিটের দিকে নৌ টহলদল মিয়ানমার হতে ৩ ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাযোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে কোস্টগার্ড নতুন ক্যাম্প সংলগ্ন বেড়ীবাঁধের দিকে আসতে দেখে। এসময় বিজিবি নৌ টহলদল ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে ২ জন নৌকা থেকে লাফিয়ে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায় এবং অপরজনকে বিজিবি টহলদল চারদিক থেকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তির স্বীকারোক্তিতে বিজিবি টহলদল নৌকা তল্লাশি করে নৌকার ইঞ্জিনের পার্শ্বে লুকায়িত অবস্থায় একটি পলিথিনের ব্যাগের ভিতর হতে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, সে শাহাপরীরদ্বীপ বাজারপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে মো. এহসান (১৫)। পলাতক ব্যক্তিদ্বয়ই জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মালিক বলে সে স্বীকার করে। পলাতক ব্যক্তিদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
আটককৃত এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.