ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ জন্য সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪০ শিক্ষক-শিক্ষার্থী।
বুধবার (৪ অক্টোবর) সকালে তাদের ফিরে আসার কথা থাকলেও আবহাওয়ার তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় বৃহস্পতিবারও আসতে পারেননি।
বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২ অক্টোবর) সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সহযোগী অধ্যাপক নুসরাত সুলতানাসহ ৩৮ জন শিক্ষার্থী দুই দিনের র্যাগ ট্যুরে সেন্টমার্টিন যান।
ওই দুই শিক্ষকের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। আটকে পড়া শিক্ষার্থী রাকিব হোসেন জানান, সেখানে মাছ-মাংসের সংকট থাকলেও চাল-ডাল ও শুকনো খাবারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি কিছুক্ষণ আগেও সেন্টমার্টিনে আটকে পড়াদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, এখনও সবার অবস্থা স্বাভাবিক। আর খাদ্যসংকট তেমন দেখা দেয়নি। পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে বলে জানতে পেরেছি।’
তিনি আরও বলেন, ‘সাগর একটু উত্তাল থাকায় আপাতত জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তাদের আজ ফিরে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়েছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি। আশা করি কোনও সমস্যা হবে না।’
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.