খেলাধুলা ডেসস্ক (২৫ এপ্রিল): করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অস্ট্রেলিয়ার নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ছয় মাস বিদেশিদের অস্ট্রেলিয়া ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরও বাড়বে।
কিন্তু ভারতীয় ক্রিকেট দলের সফরের জন্য এ নিষেধাজ্ঞা বিশেষ বিবেচনায় ছাড় দেওয়ার চিন্তাভাবনা করছে অস্ট্রেলিয়া সরকার। এমনাটাই জানিয়েছে স্পোর্টস নিউজ। তাদের দাবি, বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া সরকারের বৈঠক হয়েছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ভারতীয় দলকে অস্ট্রেলিয়া ভ্রমণে ছাড় দেওয়া হতে পারে।
করোনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন। এরই মধ্যে তাদের কর্মীদের ৮০ শতাংশ বেতন কমানো হয়েছে। এ বছরের শেষে চার টেস্টের জন্য অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে বিরাট কোহলিদের। যদি ‘বর্ডার-গাভাস্কার ট্রফি’ কোনো কারণে স্থগিত হয় তাহলে ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হবে। তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া বড়সর ধাক্কা খাবে। এ ক্ষতি এড়াতে যে করেই হোক ভারতীয় দলকে অস্ট্রেলিয়া আনতে চায় দেশটির ক্রিকেট বোর্ড। এজন্য সরকারের সবুজ সংকেত প্রয়োজন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার দাবি,‘আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞার কারণে স্বাভাবিকভাবেই ভারতও এখন অস্ট্রেলিয়া আসতে পারবে না। কিন্তু আগামী গ্রীষ্মে যদি ভারত সফর না হয় তাহলে ৩০০ মিলিয় অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হবে। ভারতীয় দলের জন্য বিশেষ বিবেচনায় ভ্রমণ নিষেধাজ্ঞা ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।’ ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, সরকারও তাদেরকে ইতিবাচক সাড়া দিয়েছে। কিন্তু এখনই কোনো সিদ্ধান্ত আসেনি।
চলতি অর্থবছরে ৫০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মুনাফা করার কথা ছিল অস্ট্রেলিয়ার। যদি করোনার কারণে খেলা বন্ধ না হতো এবং ক্লোজ ডোরে খেলা হতো তাহলেও ৪৫০ মিলিয়ন মুনাফা হতো। কিন্তু এবার প্রত্যাশামাফিক কিছুই হয়নি। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শুক্রবার জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সরকার ক্রীড়া কার্যক্রম পুনরায় চালু করার চিন্তা করছে। তবে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিশেষ নজরে থাকবে।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.