খেলাধুলা ডেস্ক:
ফিনল্যান্ডে জন্ম। খেলেছেন দেশটির বয়স ভিত্তিক দলেও। এরপরও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার তারিক রায়হান কাজীর স্বপ্ন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর। ইউরোপের ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকার পরও কেন বাংলাদেশকে বেছে নেওয়া? তারিক বলছেন, হৃদয়ের টান থেকেই খেলতে চান বাংলাদেশের হয়ে।
গত মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে এসে নজর কাড়েন তারিক কাজী। যদিও পরিত্যক্ত হওয়া মৌসুমে মাত্র দুটি ম্যাচই খেলেছেন। তবে সেই দুই ম্যাচেই কোচ জেমি ডের নজরে এসেছেন তিনি। তাই তো অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই ম্যাচের প্রাথমিক দলেও সুযোগ মিলেছে। এখন মূল দলে জায়গা করে নিয়ে স্বপ্ন পূরণের অপেক্ষায় তারিক।
১৯ বছর বয়সী এই ডিফেন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় জানিয়েছেন মূল দলে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী তিনি। বলেন, ‘বাংলাদেশ দলে ডাক পেয়েছি, অবশ্যই আমি খুশি হয়েছি। এটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার। বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আমি সেখানে গিয়েছি, প্রস্তুতি নিয়েছি। নিজের সবটুকু দেওয়ার জন্য প্রস্তুত আছি।’
কিন্তু ফিনল্যান্ডে খেলে কেন বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে চান? তারিক বলেন, ‘ফিনল্যান্ডের ১৬, ১৭, ১৮ ও ১৯ দলের হয়ে খেলেছি। চারটি বয়সভিত্তিক দলে ফিনল্যান্ডের হয়ে খেলার পরও বাংলাদেশকে বেছে নেওয়ার কারণ হৃদয়ের টান। যেটা আমি অনুভব করি। আমি এই দেশের হয়ে, দেশের মানুষের জন্য খেলতে চাই। আমি তাদের জন্য গর্ব ও আনন্দ বয়ে আনতে চাই।’
করোনার কারণে মার্চে বন্ধ হয়ে যায় বিশ্বকাপ বাছাইয়ের খেলা। ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ ফের তাদের মিশন শুরু করবে। আগস্টের প্রথম সপ্তাহ থেকে ৩৬ জনের স্কোয়াড নিয়ে শুরু হওয়া কথা প্রস্তুতি ক্যাম্প।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.