খেলাধুলা ডেস্ক:
করোনাকালের বিপদটা টের পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ৫ ক্রিকেটার। যথাসময়ে ভ্রমণের সব ব্যবস্থা নিশ্চিত করতে পারেননি বলে ক্যারিবিয়ানে সিপিএল খেলতে যাচ্ছেন না রাসি ফন ডার ডাসেন, তাবরাইজ শামসি, আইনরিখ নর্কিয়া, রাইলি রুশো ও কলিন ইনগ্রাম।
সিপিল আয়োজকরাই চাচ্ছিলেন, খেলোয়াড়রা যেন ১ আগস্টের মধ্যেই ত্রিনিদাদে পৌঁছে যান। কারণ টুর্নামেন্ট শুরুর আগে ১৪ দিনের কোয়ারেন্টিনের বিষয়টিও মাথায় রাখা হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ১৮ আগস্ট। সে জন্য লন্ডনে বিশেষ ভাড়া করা বিমানের ব্যবস্থাও রেখেছিল আয়োজকরা। যাতে ফ্লাইটজনিত কোনও ঝামেলায় না পড়তে হয়। কিন্তু প্রোটিয়াদের বেলায় ঝামেলা হয়েছে সেখানেই। আগে লন্ডন তো পৌঁছাতে হবে? করোনাকালে ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় যথা সময়ে ভ্রমণের ব্যবস্থাও করা যাচ্ছে না। তার ওপর ভিসা প্রসেসিংসহ সরকারি অনুমতিরও প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে যুক্তরাজ্যে সময় মতো পৌঁছানোর ব্যবস্থা করতে পারতো না প্রোটিয়া ক্রিকেটাররা।
তবে অপর প্রোটিয়া তারকা তাহির এই ঝামেলা থেকে বেঁচে গেছেন। এতদিন তিনি আটকে ছিলেন পাকিস্তানে। পিএসএল খেলতে গিয়ে সেখানেই আটকে পড়েছিলেন। এখন পাকিস্তান ছাড়ার সুযোগ পাওয়ায় তার সিপিএল খেলতে যেতে কোনও ঝামলোয় পড়তে হচ্ছে না।
দক্ষিণ আফ্রিকায় করোনাকালে কঠোর বিধি নিষেধই আরোপ করা হয়েছে। সব প্রদেশের ও আন্তর্জাতিক সীমান্ত এখন বন্ধ। সংক্রমণ পরিস্থিতি উন্নতি হলেই সেপ্টেম্বরে সফরের বিধি নিষেধের কড়াকড়ি শিথিল করা হবে। তার মানে এই দাঁড়ালো আইপিএলেও প্রোটিয়া ক্রিকেটারদের অংশ গ্রহণ নির্ভর করছে আনুষাঙ্গিক বিষয়ের ওপর!
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.