বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় অভিযুক্ত আসামীদের জিঙ্গাসাবাদ শুরু করেছে র্যাব-১৫। শনিবার (৮আগস্ট) দুপুর ২টার পর থেকে কক্সবাজার জেলা কারাগারের ফটকে ২দিনের রিমান্ড মঞ্জুর হওয়া ৪জনকে জিঙ্গাসাবাদ করছে র্যাবের তদন্ত টীম। ৭ দিন করে রিমান্ডে নেওয়া ৩ আসামী টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত আলী, বরখাস্ত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ এবং এসআই নন্দ দুলাল রক্ষিতকে কাল রবিবার (৯আগস্ট) র্যাব-১৫ এর হেফাজতে নিয়ে জিঙ্গাসাবাদ শুরু হবে।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান কক্সবাজার ভয়েসকে সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সুষ্ট ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জিঙ্গাসাবাদের মাধ্যমে ঘটনার ক্লু উদ্ঘাটনের চেষ্টা করা হবে।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, শনিবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে মেজর সিনহা হত্যা মামলার রিমান্ডের আদেশ প্রাপ্ত ৭ আসামীর ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র জেলা কারাগারে পৌঁছেছে। ফলে কারাফটকে র্যাব সদস্যরা ৪জন আসামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আগামীকাল রবিবার ৭দিনের রিমান্ডের আদেশপ্রাপ্ত আসামীদের র্যাব হেফাজতে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
গত ৩১ জুলাই (শুক্রবার) রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশীর সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়িাল ম্যাজিষ্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপসহ ৭ আসামী কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পন করেন। মামলার শুনানীতে র্যাবের পক্ষে প্রত্যেক আসামীর ১০দিন করে রিমান্ডের আবেদন করলে আদালত ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ এবং এসআই নন্দ দুলাল রক্ষিতকে ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকী ৪জনকে কারাফটকে ২দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। বাকী ২ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.