বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদের সহযোগী শিপ্রা দেবনাথের জামিন মঞ্জুর করেছে আদালত। অপর সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিনের বিষয়ে সোমবার আদেশ দেওয়া হবে।
সোমবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন শিপ্রার জামিন মঞ্জুর করেন।
তার আইনজীবী অরুপ বড়ুয়া জানান, শিপ্রা দেব নাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় জামিন আবেদন করা হয়।
শুনানি শেষে মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত শিপ্রার জামিন মঞ্জুর করেন বিচারক।
অন্যদিকে একইদিন বেলা ১১টার দিকে রাশেদের আরেক সহযোগী সিফাতের জামিনের জন্য কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে আবেদন করেন আইনজীবী। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন।
আদালত বিষয়টি শুনানি করে সোমবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।
সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু বলেন, পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় সিফাতের জামিন আবেদন করা হয়। একই সঙ্গে উক্ত মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনেরও আবেদন জানানো হয়।
গত ৩১ জুলাই (শুক্রবার) রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ডকুমেন্টারি তৈরির কাজে রাশেদের সঙ্গে থাকা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের দুই শিক্ষার্থী শিপ্রা ও সিফাতকে গ্রেপ্তার করা হয়।
এরপর ৫ আগস্ট নিহত রাশেদের বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিদর্শক লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পরদিন বরখাস্ত ওসি প্রদীপসহ সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন। মামলার তদন্তে থাকা র্যাবের আবেদনে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত। একই সঙ্গে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.