জিকির উল্লাহ জিকু:
টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সাথে থাকা গ্রেফতার হওয়া স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাত জামিনে কারামুক্ত হয়ে স্বজনদের কাছে রয়েছেন। রাতে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানিয়েছেন সিফাতের মামা মাসুম বিল্লাহ।
মাসুম বিল্লাহ মুঠোফোনে আরো জানান, ‘সোমবার দুপুর ২টার দিকে সাহেদুল ইসলাম সিফাত কক্সবাজার কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর থেকে কারাগার থেকেই আমাদের আগে থেকে ভাড়া করা সাদা একটি মাইক্রোবাস নিয়ে সিফাতকে নিয়ে আসা হয়েছে। সিফাতকে নিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছি এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিব’।
এর আগে সোমবার বেলা ১১ টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত সাহেদুল ইসলাম সিফাতকে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে সিফাতের মামলা দুটি বিবাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত তদন্তের ভার র্যাবকে দিয়েছে। এর আগে উক্ত ঘটনা গতকাল রবিবার সিনহার অপর সহযোগি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছে।
আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মোহাম্মদ মোস্তফা জানিয়েছেন, ‘সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম রিফাতকে আদালত জামিন দিয়েছেন। গত রবিবার সাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদন করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে সোমবার শুনানী শেষে সাহেদুল ইসলাম সিফাতকে জামিন দেয়া হয়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশীর সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে। এ মামলায় নিহত মেজর সিনহা মো. রাশেদ খানের সাথে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব নাথকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে পুলিশ।
৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়িাল ম্যাজিষ্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশ সহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকত সহ ৭ আসামী কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পন করেন। মামলার শুনানীতে র্যাবের পক্ষে প্রত্যেক আসামীর ১০দিন করে রিমান্ডের আবেদন করে। আদালত ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ এবং এসআই নন্দ দুলাল রক্ষিতকে ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বাকী ৪জনকে ২দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। বাকী ২ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। ৪ জনকে কারাফটকে ২দিন জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে র্যাব। ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত এবং এসআই নন্দ দুলাল রক্ষিতকে র্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে।
পুলিশের দায়ের করা রামু থানার মামলায় সিনহার সহযোগি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ গতকাল জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছে। অপরদিকে টেকনাফ থানায় দায়ের করা ২টি মামলায় মেজর সিনহা মো. রাশেদ খানের সাথে থাকা শাহেদুল ইসলাম সিফাত জামিনে কারামুক্তি পান। এর পুর্বে বেলা ১১ টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে সিফাতের মামলা দুটি বিবাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত তদন্তের ভার র্যাবকে দিয়েছে।
নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে অদালতে দায়ের করা মামলা র্যাবের কাছে তদন্তভার দেয়া হয়েছে। একই ঘটনায় টেকনাফ থানায় পুলিশের দায়ের করা মামলা দুটিও সঠিক তদন্তের স্বার্থে র্যাবকে তদন্তের দ্বায়িত্ব দেয়া হয়েছে।
ভয়েস/জেইউ।
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.