ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি গাড়িযোগে টেকনাফ স্থলবন্দরে পৌঁছান। একইদিনে তিনি টেকনাফে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও অংশগ্রহণ করার কথা রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনাফ স্থলবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। এরপর তিনি বন্দরের জেটি ঘাট পরিদর্শন করেন এবং সেখানে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। পরে বন্দরের বিভিন্ন গুদাম, প্রশাসনিক ভবন ও অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনের একপর্যায়ে তিনি বন্দরে নাফ নদের জলসীমাও পর্যবেক্ষণ করেন, যা এই স্থলবন্দরের কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্দরের কার্যক্রম আংশিকভাবে স্থবির রয়েছে এই বিষয়টিও তাকে জানানো হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশরসহ প্রশাসন ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা করছেন, মন্ত্রীর এই পরিদর্শনের মাধ্যমে টেকনাফ স্থলবন্দরের চলমান সমস্যা সমাধান এবং কার্যক্রম স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.