ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে একটি কালভার্ট নির্মাণের সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের দরিয়া নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন- মোহাম্মদ ইলিয়াছ (৩০) ও মোহাম্মদ রাকিব (২৫)। এসময় আহত শাহাজালাল (৩৫) কে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- প্রতিদিনের মত কক্সবাজার শহরের দরিয়া নগর ভেটিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় সংলগ্ন একটি সড়কে পাহাড়ের পাশে কালভার্ট নির্মাণ করছিল ‘লাকী এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এসময় কালভার্ট নির্মাণের ঢালাইয়ের কাজের জন্য মাটি খুড়ে বেইজ তৈরী করার সময় মাটির একটি অংশ ধ্বসে পড়ে। এতে চাপা পড়ে তিন শ্রমিক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করে। অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মারা যাওয়া শ্রমিকদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক আবদুল খালেক জানিয়েছেন- ‘প্রতিদিনের মত আমরা ১০ থেকে ১৫জন শ্রমিক কালভার্ট নির্মাণের কাজ করি। আজ সকালে কালভার্ট নির্মানের জন্য মাটি খনন করে বেইজ নির্মাণের সময় মাটি ধ্বসে পড়ে। এতে ইলিয়াছ, রাকিব ও শাহাজালাল মাটিতে চাপা পড়ে। এরমধ্যে ইলিয়াছ ও রাকিব মারা যায়। এরা দুইজনই আমার ভাগিনা।’
জানতে চাইলে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার জানিয়েছেন-‘তিনি একটি মিটিংয়ে আছেন। দরিয়া নগরে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহতের বিষয়টি তিনি এখনও অবগত নয়। বিষয়টি জেনে বিস্তারিত তথ্য দেয়ার কথা বলেন তিনি।
ভয়েস/আআ
উপদেষ্টা সম্পাদক : আবু তাহের
প্রকাশক ও প্রধান সম্পাদক : আবদুল আজিজ
সম্পাদক: বিশ্বজিত সেন
অফিস: কক্সবাজার প্রেসক্লাব ভবন (৩য় তলা), শহীদ সরণি (সার্কিট হাউজ রোড), কক্সবাজার।
ফোন: ০১৮১৮-৭৬৬৮৫৫, ০১৫৫৮-৫৭৮৫২৩ ইমেইল : news.coxsbazarvoice@gmail.com
Copyright © 2026 Coxsbazar Voice. All rights reserved.